১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৮ বছর পর বিচ্ছেদ ফ্লেমিং ও চেন্নাই সুপার কিংসের

আইপিএল ইতিহাসের সফলতম কোচকে আর দেখা যাবে না চেন্নাই সুপার কিংসের দায়িত্বে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2026, 03:26 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

গত ১৮ বছরে কত কিছু বদলে গেলে আইপিএলের! খোলনলচে পাল্টে গেলে অনেক কিছুর। কত ক্রিকেটার, কত কোচ, কত কত মানুষের কত অধ্যায়ের সূচনা-সমাপ্তি হলো। একটি জায়গা ছিল অটুট। চেন্নাই সুপার কিংসের কোচ স্টিভেন ফ্লেমিং, এখানে কোনো পরিবর্তন ছিল না। ‘ছিল না’ বলতে হচ্ছে, কারণ এখন তা বদলে গেছে। অবিশ্বাস্য হলেও সত্যি, ফ্লেমিং এখন আর চেন্নাইয়ের কোচ নন।

চেন্নাই সোমবার বিবৃতিতে জানায়, পারস্পরিক সম্মতিতে দুই পক্ষ আলাদা হয়ে গেছে। আইপিএলে ইতিহাসের সফলতম কোচিং অধ্যায়ের সমাপ্তি হলো এতে। 

টানা তৃতীয় মৌসুমে প্লে-অফের আগেই ছিটকে পড়ার পর এবারের আইপিএল শেষে কোচ হিসেবে ফ্লেমিংয়ে ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। নানারকম জল্পনা ডালপালা মেলেছিল। গত বছরের আইপিএলে সবচেয়ে তলানি থেকে শেষ করার পর এবারের আসর শেষ করে তারা অষ্টম স্থানে থেকে। এই বছর তাদের শেষ লীগ ম্যাচের পর ফ্লেমিং তার ভবিষ্যৎ নিয়ে বলেছিলেন, “এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, আমার নয়।”

সেই সিদ্ধান্ত অবশেষে চূড়ান্ত হলো।

কোচের দায়িত্বে ১৮ বছর থাকলেও চেন্নাইয়ের সঙ্গে ফ্লেমিংয়ের সম্পর্ক আইপিএলের একেবারে শুরু থেকেই। ২০০৮ আইপিএলে তিনি ছিলেন চেন্নাইয়ের ক্রিকেটার। খেলেছিলেন ১০ ম্যাচ। পরের মৌসুম থেকেই শুরু হয় কোচ হিসেবে তার পথচলা। নিউ জিল্যান্ডের ইতিহাসের সেরা অধিনায়কদের একজন কোচ হিসেবে অসাধারণ সাফল্য পান চেন্নাইয়ে। বিশেষ করে মাহেন্দ্র সিং ধোনির সঙ্গে তার কোচ-অধিনায়ক জুটি কিংবদন্তি হয়ে আছে আইপিএল তথা ক্রিকেট আঙিনায়।

তার কোচিংয়ে রেকর্ড ৫টি আইপিএল শিরোপা জিতেছে চেন্নাই, রানার্স আপ হয়েছে ৪ বার। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতেও রেকর্ড ২ বারের চ্যাম্পিয়ন কোচ তিনি। 

চেন্নাই সুপার কিংসের বিবৃতিতেও তা ফুটে উঠল।

“আইপিএল ইতিহাসের সফল ও দীর্ঘস্থায়ী একটি অংশীদারিত্বের অবসান হলো। ফ্লেমিং এবং সুপার কিংস ম্যানেজমেন্টের মধ্যে ধারাবাহিক খোলামেলা ও সৎ আলোচনার পর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে।”

ভারতের বাইরে অন্যান্য দেশে সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজি—জোবার্গ সুপার কিংস (এসএ টোয়েন্টি) এবং টেক্সাস সুপার কিংসের (মেজর লিগ সকার) কোচের দায়িত্বেও আর থাকছেন না ফ্লেমিং। এবারের মেজর লিগ ক্রিকেটে টেক্সাস তলানি থেকে শেষ করার পর কয়েক ঘণ্টা পরই সিদ্ধান্তটি এলো। জোবার্গ সুপার কিংস একবারও এসএ টোয়েন্টির ফাইনালে উঠতে পারেনি। 

বিদায়বেলায় ফ্লেমিং বললেন, এই ফ্র্যাঞ্চাইজির হয়ে সময়গুলোকে তিনি সবসময় হৃদয়ে ধারণ করবেন। 

“খেলাধুলার জগতে ১৮ বছর একটি দীর্ঘ সময় এবং আমি কেবল কৃতজ্ঞতা নিয়েই বিদায় নিচ্ছি। চেন্নাই সুপার কিংসে কাটানো সময়টা আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় সৌভাগ্য। আমরা যা কিছু অর্জন করেছি, তার জন্য আমি গর্বিত।

“একসঙ্গে অবিস্মরণীয় অনেক জয় আমরা উদযাপন করেছি, কঠিন মুহূর্তগুলো কাটিয়ে উঠেছি এবং এমন স্মৃতি তৈরি করেছি, যা আমার সঙ্গে চিরকাল থাকবে। চেন্নাই সবসময় আমার হৃদয়ের খুব কাছে থাকবে, এবং আগামী বছরগুলোতেও আমি দলটিকে সমর্থন করে যাব।”

চেন্নাইয়ের কর্ণধার রুপা গুরুনাথ বললেন, কোচের দায়িত্বে না থাকলেও এই দলের আবেগে মিশে থাকবেন ফ্লেমিং। 

“এই ফ্র্যাঞ্চাইজির প্রায় পুরো যাত্রাপথেই ন ফ্লেমিং আমাদের কোচিং ইউনিটের হৃৎস্পন্দন ছিলেন। প্রায় দুই দশক ধরে তিনি আমাদের পরিচয়, লক্ষ্য এবং উৎকর্ষের অন্বেষণকে ফুটিয়ে তুলতে সাহায্য করেছেন। মাঠে আমাদের একসঙ্গে পথচলা শেষ হলেও, তিনি দলের ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন।”

চেন্নাইয়ের দীর্ঘদিনের ব্যাটিং কোচ মাইক হাসি ও বোলিং কোচ এরিক সাইমন্সের ভবিষ্যৎ নিয়ে কোনো ঘোষণা এখনও আসেনি।