Published : 14 Sep 2026, 04:35 PM
পেস বোলিং অধিনায়কদের নিয়ে একটি শঙ্কার জায়গা সবসময় থাকেই। সেটিই এখন উপলব্ধি করতে পারছে জিম্বাবুয়ে। চোট থেকে সেরে না ওঠায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না রিচার্ড এনগারাভা। এই পেসারের জায়গায় ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি অধিনায়ক সিকান্দার রাজা।
পিঠের নিচের অংশের চোটে সম্প্রতি নামিবিয়াতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টেও খেলতে পারেননি এনগারাভা। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, এই চোট থেকে সেরে উঠতে আরও সময় লাগতে পারে জিম্বাবুয়ের টেস্ট ও ওয়ানডে অধিনায়কের। সেক্ষেত্রে আগামী মাসে সংযুক্ত আরব আমিরাত সফরেও তাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা।
আমিরাতে বাংলাদেশ ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এরপর আছে আফগানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজও।
রাজার জন্য নেতৃত্ব অবশ্য নতুন কিছু নয়। জিম্বাবুয়েকে ৭৭ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়া ৪০ বছর বয়সী এই অলরাউন্ডার ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন ৬ ম্যাচে।
এনগারাভার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে পেস আক্রমণের নেতৃত্ব দেবেন ব্লেসিং মুজারাবানি। তার সঙ্গে পেস আক্রমণে আছেন ব্র্যাড ইভান্স ও নিউম্যান নিয়ামুরি। চোটের কারণে মাঠের বাইরে আছেন আরেক পেসার টানাকা চিভাঙ্গা।
প্রায় ১৩ মাস পর ওয়ানডে খেলতে দেখা যাবে ব্রেন্ডন টেইলরকে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিট হয়ে গত বছর নতুনভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা অভিজ্ঞ ক্রিকেটার সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের অগাস্টে। কিপার-ব্যাটসম্যান হিসেবে স্কোয়াডে তার সঙ্গী টাডিওয়ানাশে মারুমানি। বাদ পড়েছেন ক্লাইড মাডান্ডে।
দলে আরেকটি বড় খরব গ্রায়েম ক্রিমারের ফেরা। সাত বছর বিরতির পর গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এই লেগ স্পিনারকে দেখা গেছে মূলত টি-টোয়েন্টিতেই। এবার তাকে ওয়ানডেতে দেখা যাবে সাড়ে আট বছর পর।
তিন ম্যাচের সিরিজটি শুরু মঙ্গলবার। এই সিরিজ দিয়ে আট বছর পর জিম্বাবুয়ে সফরে গেছে অস্ট্রেলিয়া। আফ্রিকার দেশটিতে ওয়ানডে খেলবে তারা ১২ বছর পর।
জিম্বাবুয়ের স্কোয়াড:
সিকান্দার রাজা (অধিনায়ক), বেন কারান, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, ব্রেন্ডন টেইলর, ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, আর্নেস্ট মাসুকু, গ্রায়েম ক্রিমার, ইনোসেন্ট কাইয়া, নিউম্যান ন্যায়ামুরি, রায়ান বার্ল, টাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ওয়েসলি মাধেভেরে।