Published : 13 Jun 2026, 07:12 PM
সবেধন নীলমণি একটি ট্রফি আছে ত্রিদেশীয় সিরিজের। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের একমাত্র শিরোপা সেটি। আইসিসি আসরে কখনো ট্রফির মঞ্চেই উঠতে পারেনি বাংলাদেশ। সেটিই মনে করিয়ে দিয়ে মুস্তাফিজুর রহমান বলছিলেন, বড় টুর্নামেন্টে ভালো করতে ছোট ছোট কিছু জায়গায় উন্নতি জরুরি। তার সঙ্গে সুর মিলিয়ে সৌম্য সরকারও বললেন একই কথা।
দ্বিতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারানোর পর ড্রেসিংরুমে নিজেদের ভুলগুলোর কথা বলেছিলেন মুস্তাফিজ। সামাজিক মাধ্যমে বিসিবির ভিডিওতে দেখা যায়, বাঁহাতি এই পেসার সতীর্থদের জানাচ্ছেন বাংলাদেশের বড় দল হওয়ার পথে মূল বাধাটা কোথায়।
“যদি আমরা আসলেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য হতে চাই, তাহলে আরও ভালো হওয়া উচিত। ওদের (অস্ট্রেলিয়া) পাঁচ (ছয়) উইকেট যাওয়ার পরেও দেখলাম ওরা (মার্নাস লাবুশেন ও জেভিয়ার বার্টলেট) দুজন রান করেছে। ৬০-৭০ রানে ওদের পাঁচ (৮১ রানে ছয় উইকেট) উইকেট ছিল, এরপরেও রান করেছে। প্রমাণ করেছে ওরা বড় দল।”
“আমরা এরকম সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছি না। ঝুলে থাকি যে আমি কত রান করলাম, ও (আরেকজন) করবে (রান করবে)। আমি বা তাসকিন (লোয়ার অর্ডার) কেন ব্যাটিং করতে যাব?” যদি আমরা নিজেদের আসলেই বড় দল ভাবি, তাহলে এই জিনিসগুলো ঠিক করতে হবে।”
মুস্তাফিজের সেই মূল্যায়নকে মনে ধারন করেছেন সৌম্যও। মিরপুরে শনিবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইসিসি কিংবা অন্য কোন টুর্নামেন্টে ভালো করতে না পারলে বড় দল হিসেবে বিবেচিত হওয়া সম্ভব নয়।
“মুস্তাফিজ যে কথাগুলো বলেছে, অবশ্যই সঠিক। বড় দল হতে গেলে এগুলো করতেই হবে। যদি আইসিসি টুর্নামেন্ট বা বড় কোনো টুর্নামেন্টে ভালো না করেন, তাহলে ওভাবে (বড় দল) হিসাব করা হয় না। আমরা চাচ্ছি, দল হয়ে (খেলে) যে কোনো বড় টুর্নামেন্টে যেন এমন (ভালো) কিছু করতে পারি। দলকে যেন অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি।”
গত কিছুদিনে বাংলাদেশ দল সংশ্লিষ্ট অনেকেই বলেছেন, বড় টুর্নামেন্টে ভালো কিছু করার পরিকল্পনা থেকেই এখন দেশের মাঠে স্পোর্টিং উইকেটে খেলছে দল।