২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সালমানকে রান আউট করা নিয়ে যা বললেন মিরাজ

‘আমি যদি ফিল্ডিং মিস করতাম, সে অবশ্যই রান নেওয়ার চেষ্টা করত’, সালমানকে রান আউটের ঘটনায় বললেন মিরাজ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2026, 08:12 AM

Updated : 26 Aug 2026, 03:09 PM

সঞ্চালক যখন প্রশ্নটি করছেন, হালকা হাসির রেখা ফুটে উঠল মেহেদী হাসান মিরাজের মুখে। প্রশ্নটি যেন তিনি প্রত্যাশাই করছিলেন। তুমুল আলোচিত সেই প্রসঙ্গে অবশ্য তার উত্তর বেশি লম্বা হলো না। ছোট্ট করেই বাংলাদেশ অধিনায়ক বললেন, ব্যাটসম্যানকে ক্রিজের বাইরে পেয়ে তিনি রান আউট করেছেন। ব্যস!

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি যারা তেখেছেন বা খোঁজখবর রেখেছেন, তাদের বুঝে যাওয়ার কথা, কোন প্রসঙ্গ এখানে বলা হচ্ছে। নিজের বলে ফিল্ডিং করে মিরাজ এই ম্যাচে নন স্ট্রাইক প্রান্তে রান আউট করেন সালমান আলি আগাকে, যা নিয়ে চলছে আলোচনা, সমালোচনা ও বিতর্ক।

মোহাম্মাদ রিজওয়ানের ব্যাট ছুঁয়ে আসার বলে বোলার মিরাজ ফিল্ডিং করতে গেলে সামনে পেয়ে যান সালমানের বাধা। ক্রিজে ছেড়ে বেরিয়ে বলের লাইনে দাঁড়িয়ে ছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান। মিরাজ বল ঠেকানোর পর সালমান উদ্যত হন বল তুলে মিরাজকে দিতে। তবে দ্রুতই নিজে থেকে বল নিয়ে স্টাম্পে লাগান বাংলাদেশ অধিনায়ক। ৬২ বলে ৬৪ রান করে রান আউট হয়ে ক্ষোভে ফেটে পড়ে মাঠ ছাড়েন তিনি। সেই ঘটনা নিয়েই চলছে আলোচনার জোয়ার।

ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত জিতেছে পাকিস্তানই। ১২৮ রানের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে তারা। 

প্রথম ম্যাচে পাকিস্তানকে ১১৪ রানে গুটিয়ে দিয়ে ২০৯ বল বাকি রেখেই ৮ উইকেটে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের উইকেটে ছিল আরও বেশি ঘাস। কিন্তু পাকিস্তান তুলে ফেলে ২৭৪ রান। 

ম্যাচের পর মিরাজ বললেন, আগের দিনের মতো উইকেটের দাবি মিটিয়ে বোলিং করতে পারেননি তার বোলাররা। 

“গত ম্যাচ ছিল দুর্দান্ত, বোলাররা সত্যিই খুব ভালো বল করছিল। আমরা আগে বল করার সুবিধা কাজে লাগাতে পেরেছিলাম। তবে (আজকে) আমরা পরিকল্পনার বাস্তবায়ন করতে পারিনি। প্রথম ১০ ওভারে প্রচুর রান দিয়েছি। ওদেরকেও কৃতিত্ব দিতে হবে, ওরা ভালো ব্যাট করেছে।”

একটা সময় অবশ্য আরও বড় স্কোরের দিকে ছুটছিল পাকিস্তান। উদ্বোধনী জুটিতে শতরানের পর চতুর্থ উইকেট জুটিতেও শত রানের বন্ধন গড়ে ওঠে। তবে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে ৩৪ রানের মধ্যে শেষ ৭ উইকেট তুলে নেয় বাংলাদেশ।

সেই লক্ষ্যেরও অবশ্য ধারেকাছে যেতে পারেনি বাংলাদেশ। তবে উইকেটে কোনো সমস্যা দেখেন না মিরাজ। তিনি তাগিদ জানালেন নিজেদের ব্যাটিংয়ে উন্নতির।

“ব্যাটিংয়ের জন্য এই উইকেট খুবই ভালো। আমরা কিছু ভুল করেছি। টপ অর্ডার ব্যাটসম্যানরা রান করতে পারেনি। এটা একটা সমস্যা এবং এই ব্যাপারগুলি খেয়াল রাখতে হবে আমাদের।”

“ব্যাটিং ইউনিটে উন্নতি করতে হবে আমাদের। বোলিংয়ে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম। ব্যাটিংয়ে মনোযোগ দিতে হবে আমাদের, দায়িত্ব নিতে হবে। কারণ রান না পেলে আমরা ভালো অবস্থানে থাকতে পারব না।”

সবশেষে সঞ্চালক সিকান্দার বাখত তুলে আনলেন রান আউটের প্রসঙ্গ। নিয়মের মধ্যে থাকার অধিকার মিরাজের আছে, সেটি উল্লেখ করলেন তিনি। ওই রান আউট নিয়ে বাংলাদেশ অধিনায়কের মন্তব্যও জানতে চাওয়া হলো। তিনিএ 

“সে উইকেট থেকে (ক্রিজ থেকে) দূরে ছিল। আমি স্রেফ বলের দিকে দেখছিলাম। আমি যদি (ফিল্ডিংয়ে) মিস করতাম, সে অবশ্যই রান নেওয়ার চেষ্টা করত। আমি স্রেফ ওভাবেই ভেবেছি।”