১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নিসাঙ্কা-মেন্ডিস ও বোলারদের নৈপুণ্যে জয়ে শুরু শ্রীলঙ্কার

নেতৃত্ব পেয়েই ম্যান অব দা ম্যাচ কুসাল মেন্ডিস, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2026, 10:38 AM

Updated : 11 Sep 2026, 03:20 PM

নেতৃত্ব পেয়েই ব্যাট হাতে জ্বলে উঠলেন কুসাল মেন্ডিস। কার্যকর ইনিংস উপহার দিলেন পাথুম নিসাঙ্কা ও আরও কয়েকজন। এরপর বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করল শ্রীলঙ্কা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৪১ রানে হারাল শ্রীলঙ্কা।

জ্যামাইকায় বুধবার টস হেরে ব্যাটিংয়ে নামা লঙ্কানরা ৩০৩ রান তুলে ক্যারিবিয়ানদের আটকে দেয় ২৬২ রানে।

আগে নানা সময়ে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়া কুসাল মেন্ডিস এই সফরে নতুন করে পেয়েছেন অধিনায়কত্ব। ৬২ বলে ৭২ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন তিনিই। 

স্যাবাইনা পার্কের উইকেটে এ দিন ছিল সবুজের ছোঁয়া। ম্যাচের প্রথম বলেই জেডেন সিলসের বলে নিসাঙ্কার ক্যাচ ছাড়েন কেসি কার্টি। সিলস পরে দ্রুত বিদায় করেন কামিন্দু মেন্ডিসকে। প্রথমবার ওপেন করতে নেমে একটি বরে চার ও ছক্কা মেরেও ১২ রানে বিদায় নেন এই বাঁহাতি।

সিলস প্রথম স্পেলে পাঁচ ওভারের তিনটিই নেন মেডেন। 

সেই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ১৩৬ রানের জুটি গড়েন নিসাঙ্কা ও কুসাল মেন্ডিস।

১০৩ বলে ৭৯ রান করে আউট হন নিসাঙ্কা। চারটি করে চার ও ছক্কায় কুসাল ফেরেন ৬২ বলে ৭২ রান করে।

পরে ৪৪ বলে ৪৫ রানের ইনিংস খেলেন নেতৃত্ব হারানো চারিথ আসালাঙ্কা। শেষ দিকের দাবি মিটিয়ে জানিথ লিয়ানাগে অপরাজিত থাকেন ২৯ বলে ৪৪ রান করে।

রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল ভালো। ৬ ওভারে ৫০ রান তুলে ফেলেন জন ক্যাম্পবেল ও জাস্টিন গ্রেভস। তবে ইনিংস বড় করতে পারেননি কেউ।

১৪ বলে ১৭ রান করে ফেরেন ক্যাম্পবেল, ৩৮ বলে ৪৫ রান করা গ্রেভস বোল্ড হন মাহিস থিকসানার বলে।

তিনে নেমে কেসি কার্টি ফেরেন ২৭ রানে। ইনিংসের একমাত্র ফিফটি আসে অধিনায়ক শেই হোপের ব্যাট থেকে (৬৬ বলে ৫৬)।

পরের দিকে রোস্টন হেইস (৩৩) ও গুডাকেশ মোটি (২২) রান করলেও পারেননি বড় ইনিংস খেলতে। দশে নেমে ২২ বলে ২৩ করে কিছুটা ব্যাবধান কমান শামার জোসেফ।

উইকেটে ঘামের ছোঁয়া থাকলেও পরের দিকে টার্ন মিলেছে বেশ। দারুণ বোলিংয়ে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের ভোগান থিকসানা। ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ২ উইকেট নেন এই স্পিনার। খরুচে হলেও ৪ উইকেট নে পেসার দুশামান্থা চামিরা। 

সংক্ষিপ্ত স্কোর: 

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩০৩/৭ (নিসাঙ্কা ৭৯, কামিন্দু মেন্ডিস ১২, কুসাল মেন্ডিস ৭২, পাভান রাথ্নায়েকে ২৪, আসালাঙ্কা ৪৫, লিয়ানাগে ৪৪*, হাসারাঙ্গা ৭, মিলান রাথ্নায়েকে ০, থিকসানা ০*; সিলস ১০-৩-৬৭-২, ফোর্ড ৯-১-৪৪-২, শামার জোসেফ ৮-০-৩৮-০, আলজারি জোসেফ ৯-০-৬৫-০, মোটি ৪-০-৪০-০, চেইস ১০-১-৪৭-২)।

ওয়েস্ট ইন্ডিজ: ৪৯.২ ওভারে ২৬২ (ক্যাম্পবেল ১৭, গ্রেভস ৪৫, কার্টি ২৭, হোপ ৫৬, রাদারফোর্ড ৫, চেইস ৩৩, মোটি ২২, ফোর্ড ১৫, আলজারি জোসেফ ০, শামার জোসেফ ২৩*. সিলস ২; চামিরা ১০-০-৬৭-৪, আসিথা ৮-০-৫৯-১, থিকসানা ১০-১-২৬-২, মিলান রাথ্নায়েকে ১০-০-৫৪-০, হাসারাঙ্গা ১০-০-৪৩-১, আসালাঙ্কা ১.২-০-৬-১)।

ফল: শ্রীলঙ্কা ৪১ রানে জয়ী।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ১-০তে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: কুসাল মেন্ডিস।