২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

দ্রাবিড়-সৌরভ-কোহলি এবং সুদার্শান, যেখানে মিল তাদের

টেস্টে তিন নম্বরে ব্যাটিংয়ে দীর্ঘদিন ভারতের ভরসা ছিলেন যিনি, সেই চেতেশ্বর পুজারা টেস্ট ক্যাপ তুলে দিলেন তিন নম্বরের নতুন সদস্য সাই সুদার্শানকে।

দ্রাবিড়-সৌরভ-কোহলি এবং সুদার্শান, যেখানে মিল তাদের
ভারতের ৩২৭তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ পেলেন সাই সুদার্শান। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2025, 05:49 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

ভারতীয় ক্রিকেটের জন্য বিশেষ এক দিন ২০ জুন। প্রায় তিন দশক আগে এই দিনেই টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল দেশটির দুই ব্যাটিং গ্রেট রাহুল দ্রাবিড় ও সৌরভ গাঙ্গুলির। প্রায় দেড় দশক আগে এই দিনে ভারতের জার্সিতে সাদা পোশাকে প্রথমবার খেলতে নেমেছিলেন ভিরাট কোহলি। ক্রিকেটের অভিজাত সংস্করণ থেকে এই কিংবদন্তির অবসরের পর ভারতের প্রথম সিরিজে আরেক ২০ জুন টেস্ট ক্যাপ পেলেন আরেকজন- ভারদ্বাজ সাই সুদার্শান।

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্ট দিয়ে ভারতের ৩২৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে সুদার্শানের। ২৩ বছর বয়সী ব্যাটসম্যানকে টেস্ট ক্যাপ তুলে দেন এই সংস্করণে তিন নম্বরে ব্যাটিংয়ে দীর্ঘদিন ভারতের ভরসা ও বর্তমানে দলের বাইরে থাকা চেতেশ্বর পুজারা। টসের পর ভারতের নতুন অধিনায়ক শুবমান গিল নিশ্চিত করে দেন, সুদার্শান ব্যাট করবেন তিন নম্বরে।

১৯৯৬ সালের ২০ জুন ইংল্যান্ডের বিপক্ষেই ক্রিকেট-তীর্থ লর্ডসে একসঙ্গে টেস্ট অভিষেক হয়েছিল দ্রাবিড় ও সৌরভের। দুজনই উপলক্ষটা রাঙিয়েছিলেন দুর্দান্ত ইনিংস খেলে। দলের একমাত্র ইনিংসে সৌরভও ব্যাট করেছিলেন তিন নম্বরে। ৩০১ বলে ১৩১ রানের ইনিংস খেলেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। ষষ্ঠ উইকেটে দ্রাবিড়ের সঙ্গে গড়েছিলেন ৯৪ রানের জুটি। সাতে নেমে ২৬৭ বলে ৯৫ রান করেছিলেন দ্রাবিড়।

সৌরভ সেঞ্চুরি করেছিলেন সিরিজের পরের টেস্টে ট্রেন্ট ব্রিজেও। ওই ইনিংসে দ্রাবিড় করেছিলেন ৮৪। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। 

২০১১ সালে আরেক ২০ জুন কোহলির টেস্ট অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটনে। উপলক্ষটা যদিও তিনি রাঙাতে পারেননি। পাঁচ নম্বরে নেমে প্রথম ইনিংসে ১০ বলে ৪ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ৫৪ বলে ১৫। তবে সময়ের পরিক্রমায় তিনি হয়ে ওঠেন দেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন। গত মাসে ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টেনে দেন এই ব্যাটিং গ্রেট।

আরেক ২০ জুন টেস্ট ক্যাপ পেলেন এবার সুদার্শান। দ্রাবিড়, সৌরভ, কোহলি ও সুদার্শানের ছবি কোলাজ করে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি লাক্ষ্নৌ সুপার জায়ান্টস সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছে, “টেস্ট অভিষেকের জন্য ২০ জুনের চেয়ে ভালো তারিখ আর নেই।”

দ্রাবিড়, সৌরভ, কোহলি- তিন জনই ভারতীয় ক্রিকেটে আলাদা জায়গা তৈরি করেছেন তাদের ব্যাটিং দিয়ে। সুদার্শান নিজেকে কোথায় নিয়ে যেতে পারবেন, সেটা সময়ই বলে দেবে। 

ভারতের হয়ে এরই মধ্যে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যান এবারের আইপিএলে রানের জোয়ার বইয়ে দেন। ১৫ ইনিংসে একটি সেঞ্চুরি ও ৬টি ফিফটিতে ৭৫৯ রান করেন তিনি। ব্যাটিং গড় ৫৪.২১, স্ট্রাইক রেট ১৫৬.১৭।

টেস্ট অভিষেকের আগে ২৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৯.৯৩ গড়ে তার রান এক হাজার ৯৫৭। সেঞ্চুরি আছে সাতটি। 

হেডিংলি টেস্ট দিয়ে আট বছর পর আন্তর্জাতিক ক্যারিয়ার পুনরুজ্জীবিত হয়েছে কারুন নায়ারের। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে ভারতের টেস্ট দলে ফেরা ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান ব্যাট করবেন ছয় নম্বরে।