১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের আশা উইন্ডিজ কোচের

দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বাংলাদেশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে খেলবেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্র্যাথওয়েট, সিরিজে লড়াই হবে বলে ধারণা করছেন কোচ আন্দ্রে কোলি।

বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের আশা উইন্ডিজ কোচের
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও কোচ আন্দ্রে কোলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2024, 02:04 PM

Updated : 26 Aug 2026, 10:55 AM

১০ বছরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের চতুর্থ সফর এবার। আগের তিন সফরে ছয় টেস্টে  জয় নেই একটিও। এমনকি ড্র-ও নেই। জয়-ড্র তো বহুদূর, কোনো ম্যাচে বাংলাদেশ সেভাবে লড়াই জমাতেই পারেনি। তবে ওয়েস্ট ইন্ডিজের কোচ আন্দ্রে কোলি আশা করছেন, এবার লড়াই জমতে পারে দুই ম্যাচের টেস্ট সিরিজে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি শুরু আগামী শুক্রবার। অ্যান্টিগায় প্রথম টেস্ট, ৩০ নভেম্বর জ্যামাইকায় শুরু দ্বিতীয় টেস্ট।

সবশেষ দুই সফরেই বাংলাদেশের প্রথম টেস্ট ছিল অ্যান্টিগায়। সাকিব আল হাসানের নেতৃত্বে ২০১৮ সালে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ২১৯ রানে, ২০২২ সালে হেরেছিল ৭ উইকেটে।

দুবারই মূলত পেস সহায়ক উইকেটে মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং। ২০১৮ সালে প্রথম ইনিংসে ৪৩ রানে গুটিয়ে গিয়েছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব, মাহমুদউল্লাহরা। পরের বার একটু ‘উন্নতি’ হয়। এবার প্রথম ইনিংসের রান ছিল ১০৩।

এছাড়া সবশেষ তিন সফরের অন্য চার ম্যাচে বাংলাদেশের হার ছিল দুটিতে ১০ উইকেটে, অন্য দুটিতে ২৯৬ ও ১৬৬ রানে।

বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের যে হালচাল, বিশেষ করে ব্যাটিংয়ের যা অবস্থা, তাতে এবারও ভালো কিছু আশা করা কঠিন।

ক্যারিবিয়ানরা তবু লড়াইয়ের প্রস্তুতি নিয়েই রাখছে। টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ আছে বাংলাদেশের। সেই ম্যাচে ও সিরিজের আগে অনুশীলন ক্যাম্পে নিজেদের ঝালাই করে নিতে চান ক্যারিবিয়ান কোচ আন্দ্রে কোলি।

“উদীয়মান দুটি স্কোয়াডের মধ্যে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই আশা করছি আমরা। সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ও অনুশীলন ক্যাম্প আমাদেরকে সুযোগ করে দেবে সম্ভাব্য সেরা প্রস্তুতি নেওয়ার। অভিজ্ঞ ও উঠতি, সব ক্রিকেটারই নিজেদের স্কিল শাণিত করে নেওয়ার সুযোগ পাবে টেস্ট সিরিজের আগে।”

দুই দিনের প্রস্তুতি ম্যাচটি হবে রোববার ও সোমবার। এই ম্যাচের সবচেয়ে উল্লেখযোগ্য দিক, এখানে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।

এমনিতে প্রস্তুতি ম্যাচে মূল দলের কিছু ক্রিকেটার নানা সময়েই খেলে থাকেন। তবে ঘরের দলের অধিনায়কের এসব ম্যাচে খেলা বিরল ব্যাপার। চোট কাটিয়ে ফিরলে বা দীর্ঘদিন ম্যাচ খেলার বাইরে থাকলে কখনও কখনও প্রস্তুতি ম্যাচে খেলতে দেখা যায় অধিনায়ককে।

গত অগাস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর ঘরোয়া ক্রিকেটেও আর কোনো ধরনের ম্যাচ খেলেননি ব্র্যাথওয়েট। তার ফর্মও খুব ভালো নয়। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের চার ইনিংসে তার মোট রান ছিল ৬৩। সবশেষ ১৫ টেস্ট ইনিংসে তার ফিফটি একটি। গত বছরের শুরুতে জিম্বাবুয়েতে সেঞ্চুরির পর থেকে ২৪ ইনিংসে তার ফিফটি কেবল দুটি। অধিনায়কের ছন্দে ফেরা তাই দলের জন্য জরুরি।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ জনের দল শুক্রবার ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যাথওয়েট ছাড়াও টেস্ট স্কোয়াডে থাকা অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও ব্যাটসম্যান টেভিন ইমলাখ আছেন প্রস্তুতি ম্যাচের দলে। দুই টেস্ট খেলা গ্রিভস টেস্ট দলে ফিরেছেন জেসন হোল্ডারের চোটের কারণে। ইমলাখ দলের সঙ্গে আছেন বেশ কিছুদিন ধরেই। তবে আন্তর্জাতিক অভিষেক এখনও হয়নি ২৭ বছর বয়সী ব্যাটসম্যানের।