১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পারভেজের পাঁচ উইকেটের পর বৃষ্টির বাগড়া

কিছুদিন আগে মালেয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে টানা দুই ম্যাচে পাঁচ উইকেটের পর এবার জিডি ট্রফিতেও ৫ উইকেট শিকার করলেন শেখ পারভেজ জীবন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 05:17 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

ম্যাচ শেষ হতে পারত দুপুর ১২টার আশেপাশেই। আগে ব্যাটিংয়ে নামা দল ৫৯ রানে গুটিয়ে যাওয়ার পর খেলায় আর বাকী থাকে কী! কিন্তু সেই ম্যাচ শেষের ঘোষণা এলো বিকেল ৪টার একটু পর। ম্যাচ পরিত্যক্ত! ব্যাটিং বিপর্যয়ের ম্যাচেও অনূর্ধ্ব-১৭ দল একটি পয়েন্ট পেয়ে গেছে বৃষ্টির কারণে। গেম ডেভেলপমেন্ট (জিডি) ট্রফিতে সম্ভাব্য জয় হাতছাড়া হয়েছে অনূর্ধ্ব-২৩ দলের। 

ম্যাচ ভেসে গেলেও শেখ পারভেজ জীবনের পারফরম্যান্স রয়েই যাচ্ছে। দারুণ বোলিংয়ে ৫ উইকেট শিকার করেন তিনি স্রেফ ৬ রান দিয়ে। কিছুদিন আগে মালেয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে টানা দুই ম্যাচে ৫ উইকেট শিকার করেছিলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।

আরেক স্পিনার বাঁহাতি নুহায়েল সানদিদের শিকার ২ উইকেট। দেশের সেরা কোচদের একজন মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে এই সানদিদ। দুই উইকেট নেন পেস বোলিং অলরাউন্ডার রিজান হোসেনও। 

টস জিতে বোলিংয়ে নামা অনূর্ধ্ব-২৩ দলকে দ্রুতই প্রথম ব্রেক থ্রু এনে দেন রিজান। ওপেনার আসাদুল্লাহ আল গালিব ও তিনে নামা হাসান মিলে চেষ্টা করেন জুটি গড়ার। কিন্তু হাসানকে ফিরিয়ে সেই চেষ্টা থামিয়ে দেন রিজান।

এরপর পারভেজ ও সানদিদের স্পিনে একের পর এক ব্যাটসম্যানের আসা-যাওয়া চলতে থাকে। ১ উইকেটে ৩৫ থেকে ২৪ রানের মধ্যে ৯ উইকেট হারিয়ে ফেলে অনূর্ধ্ব-১৭ দল। 

ওপেনার গালিব করেন ১৮, আর কোনো ব্যাটসম্যান পারেননি দুঅঙ্ক ছুঁতে। 

অনূর্ধ্ব-২৩ দলের রান তাড়ায় দ্বিতীয় ওভারেই বাগড়া দেয় বৃষ্টি। এরপর আর খেলা শুরু হতে পারেনি।

সংক্ষিপ্ত স্কোর

অনূর্ধ্ব-১৭ দল: ২৩.৫ ওভারে ৫৯ (নয়ন ১, গালিব ১৮, হাসান ৯, ইমরান ৩, সৌরভ ০, রিফাত ৯, আব্দুল্লাহ ০, লিঙ্কন ১, মাজেদুল ৪, ইয়াসিন ৩*, রিফাত ০; রাজিন ৪-০-২০-০, রিজান ৬-১-৯-২, পারভেজ ৬.৫-৩-৬-৫, সানদিদ ৫-০-১৫-২, মাহফুজুর ২-০-৩-১)।

অনূর্ধ্ব-২৩ দল: ১.৪ ওভারে ৭/০