১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যেভাবে ভারতকে হারাতে পারে পাকিস্তান

পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, মাঠে দুইরকম পরিস্থিতি তৈরি করতে পারলেই কেবল ভারতকে হারাতে পারবে সালমান আলি আগার দল।

যেভাবে ভারতকে হারাতে পারে পাকিস্তান
এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। ছবি: এসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2025, 05:15 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা-উত্তেজনা এখন তুঙ্গে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই ঘিরে নিজেদের ভাবনা, বিশ্লেষণ তুলে ধরছেন অনেকে। পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক যেমন সালমান-ফাখারদের বাতলে দিয়েছেন ভারতকে হারানোর পথ। 

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রোববার ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দুবাইয়ে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

বহুদলীয় টুর্নামেন্ট ছাড়া এখন আর দেখা হয় না ভারত ও পাকিস্তানের। দল দুটির মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ এক যুগের বেশি সময় ধরে। তবে যখন এই দুই প্রতিবেশীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা জাগে, তখনই ক্রিকেট আঙিনায় শুরু হয় উন্মাদনা। এবারও ব্যতিক্রম নয়।

ভারতের বিপক্ষে অতীত অভিজ্ঞতা খুব একটা ভালো নয় পাকিস্তানের। টি-টোয়েন্টিতে দুই দলের ১৩ বারের দেখায় স্রেফ তিনটিতে জিততে পেরেছে পাকিস্তান। আর এশিয়া কাপ টি-টোয়েন্টিতে মুখোমুখি তিন লড়াইয়ে জয় তাদের একটিতে।

তারকায় ঠাসা ভারতীয় দল শক্তির বিচারে এগিয়ে আছে এবারও। তবে পাকিস্তানও নিজেদের পিছিয়ে রাখতে নারাজ। ম্যাচের আগের দিন আত্মবিশ্বাসের সঙ্গে ভারতকে হারানোর প্রত্যয় জানান দলটির অধিনায়ক সালমান আলি আগা।

তবে লক্ষ্য ছোঁয়া যে সহজ হবে না, খুব ভালো করেই জানেন মালিক। পাকিস্তানের তারকা এই অলরাউন্ডার বললেন, দুটি পরিস্থিতি তৈরি করতে পারলেই কেবল ভারতের বিপক্ষে জয়ের জোর সম্ভাবনা থাকবে তাদের।

“টস নিয়ে বলার কিছু নেই-এটা কারো হাতে নেই…তবে পাকিস্তানের জন্য সবচেয়ে ভালো সুযোগ তৈরি হবে, যদি তারা ভারতের প্রথম তিন থেকে চারজন ব্যাটসম্যানকে দ্রুত আউট করতে পারে এবং খুব কম রানের মধ্যে তাদেরকে রাখতে পারে। এতে খেলাটি এমনভাবে এগোতে পারে, যেন প্রতিপক্ষের মোট রান ১৬০-১৫০ এর কাছাকাছি নেমে আসে। আমার মতে, এমন পরিস্থিতি হলে ভারতকে হারাতে পারে পাকিস্তান।”

“দ্বিতীয়টি হলো, মাঝের ওভারগুলোতে, যেখানে স্পিনাররা বোলিং করবে-সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ যদি তিনটি করে উইকেট নেয়, যদি তারা দুজনেই খেলে। ভারত প্রথমে ব্যাট করুক বা পরে, যদি তাদের ব্যাটসম্যানরা আউট না হয়, তাহলে কখনোই তাদের প্রতিপক্ষ সুযোগ পাবে না।”

সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে ভারত ও ওমানকে হারিয়ে পাকিস্তান আসর শুরু করেছে।