২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজি শিয়ালকোটের কোচ পেইন

প্রথমবারের মতো দেশের বাইরের কোনো লিগে কোচিং করাতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক।

পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজি শিয়ালকোটের কোচ পেইন
টিম পেইন। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2026, 11:34 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

টিম পেইনের কোচিং ক্যারিয়ারে যোগ হচ্ছে নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো দেশের বাইরের কোনো লিগে কোচিং করাতে যাচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ককে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি শিয়ালকোট স্টালিয়ঞ্জ।

৪১ বছর বয়সী পেইনকে গুরুদায়িত্বটি দেওয়ার কথা বৃহস্পতিবার নিশ্চিত করেছে শিয়ালকোট। সাবেক এই কিপার-ব্যাটসম্যানকে কোচিং স্টাফের প্রধান করতে পেরে খুব খুশি দলটি।

“টিম পেইনকে শিয়ালকোট স্ট্যালিয়ঞ্জের প্রধান কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। সর্বোচ্চ পর্যায়ে প্রমাণিত নেতা। চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা সম্পন্ন একজন, যিনি নতুন যুগের নেতৃত্ব দিতে প্রস্তুত। স্ট্যালিয়ঞ্জ পরিবারে স্বাগতম, কোচ।”

অস্ট্রেলিয়ার জার্সিতে ৩৫টি করে টেস্ট ও ওয়ানডে খেলেছেন পেইন। দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি ১২টি টি-টোয়েন্টিতে। সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮১ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।

খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার পর থেকে কোচিংকে পেশা হিসেবে নেন পেইন। ২০২৪ বিগ ব্যাশে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। তার আগের মৌসুমে ছিলেন দলটির সহকারী কোচ।

এছাড়া অস্ট্রেলিয়া ‘এ’ দল, প্রাইম মিনিস্টার একাদশের কোচের দায়িত্ব পালন করেন পেইন। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল ও নারী ক্রিকেট দলের সঙ্গেও কাজ করেন তিনি।

পিএসএলের আরেক নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ আসছে আসরের জন্য অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। আর অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের সাবেক ক্রিকেটার লুক রনকিকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড।

আগামী ২৬ মার্চ শুরু পিএসএলের একাদশ আসর। এক মাসের বেশি সময়ব্যাপী অনুষ্ঠেয় টুর্নামেন্টটি চলবে ৩ মে পর্যন্ত।