Published : 22 Jul 2026, 08:56 AM
মুস্তাফিজুর রহমানের ফিটনেসের অবস্থা নিজেদের মেডিকেল বিভাগ দিয়ে মূল্যায়ন করার কথা জানিয়েছিল বার্মিংহাম ফিনিক্স। তবে শেষ পর্যন্ত তার সেই মূল্যায়ন হয়ে যাবে দেশেই। ফিটনেস পরীক্ষায় উতরাতে পারলেই দা হান্ড্রেড টুর্নামেন্টে খেলার অনুমতি পাবেন অভিজ্ঞ এই পেসার।
মিরপুরে আগামী সোমবার ফিটনেস পরীক্ষা হবে মুস্তাফিজের। সেটির ওপরই নির্ভর করছে ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেটের এই আসরে তার খেলা।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইন-চার্জ শাহরিয়ার নাফীস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, দুই পক্ষের আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত হয়েছে।
“বিসিবির মেডিকেল বিভাগের সঙ্গে বার্মিংহাম ফিনিক্সের নিয়মিত যোগাযোগ হচ্ছে। দুই পক্ষের আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত হয়েছে। তারা যদিও বলেছিল নিজেরা মূল্যায়ন করবে, এখন সিদ্ধান্ত হয়েছে, দেশেই ফিটনেস পরীক্ষা হবে ওর। বিসিবির মেডিকেল বিভাগ থেকে সবুজ সঙ্কেত পেলে ইংল্যান্ডে যাবে ও।”
গত ৬ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোটে পড়েন মুস্তাফিজ। তখন বিসিবি থেকে বলা হয়েছিল, সুস্থ হয়ে উঠতে চার সপ্তাহের মতো সময় লাগবে তার। এর চার দিন পর বার্মিংহাম ফিনিক্স বিবৃতিতে জানায়, তারা নিজেরা পরখ করে দেখবে মুস্তাফিজের অবস্থা।
“জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডেতে চোট পেলেও মুস্তাফিজুর রহমান পূর্ব পরিকল্পনা অনুযায়ী বার্মিংহাম ফিনিক্সের সঙ্গে যোগ দেবেন। ডান হাঁটুতে হ্যামস্ট্রিং টিয়ার এবং মেনিস্কাল ডিজেনারেশনের শিকার হয়েছেন মুস্তাফিজ এবং জিম্বাবুয়ে সফরের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না। তবে ফিনিক্সের মেডিকেল বিভাগের মূল্যায়নের জন্য তিনি আগামী সপ্তাহে বার্মিংহামে যাবেন।”
শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলের কারণে ইংল্যান্ডে যার যাননি মুস্তাফিজ।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দা হান্ড্রেড-এ খেলার কথা মুস্তাফিজের। টুর্নামেন্ট শুরু হয়ে গেছে মঙ্গলবার। ফিনিক্সের প্রথম ম্যাচ শুক্রবার, পরেরটি রোববার। ফিটনেস পরীক্ষায় উতরাতে পারলে ৩০ জুলাইয়ের ম্যাচটিতে হয়তো খেলতে পারবেন মুস্তাফিজ।