২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘মা কাঁদছিলেন, আমি না কাঁদার চেষ্টা করছিলাম’, অস্ট্রেলিয়া দলে ডাক পাওয়া নিয়ে কনস্টাস

টেস্ট দলের সঙ্গে যোগ দিতে তর সইছে না ১৯ বছর বয়সী এই ওপেনারের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2024, 09:18 PM

Updated : 26 Aug 2026, 11:10 AM

নেটে ব্যাটিং করছিলেন স্যাম কনস্টাস। তখনই অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি ফোন করে জানিয়ে দেন, টেস্ট দলে রাখা হয়েছে তাকে। তারপর তিনি কল দিয়ে বাবা-মাকে জানান খবরটি। তখন আবেগঘন এক মুহূর্ত তৈরি হয়েছিল বলে জানালেন ১৯ বছর বয়সী এই ওপেনার।

ভারতের বিপক্ষে প্রথম তিন টেস্টে ব্যর্থ ন্যাথান ম্যাকসুয়েনির জায়গায় শেষ দুই টেস্টের দলে নেওয়া হয়েছে কনস্টাসকে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া মেলবোর্ন টেস্টের একাদশে সুযোগ পেলে তিনি হয়ে যাবেন অস্ট্রেলিয়ার চতুর্থ কনিষ্ঠ টেস্ট ক্রিকেটার এবং দেশটির সর্বকনিষ্ঠ ওপেনার। 

টেস্ট দলে যোগ দিতে রোববার মেলবোর্নের পথে রওনা হওয়ার আগে শনিবার বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে সিডনি সিক্সার্সের বিপক্ষে খেলেন কনস্টাস। চার দিন আগে টি-টোয়েন্টি অভিষেকে ২৭ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেললেও, এবার তিনি আউট হয়ে যান শূন্য রানে। তা যদিও তার মুখের হাসি কেড়ে নিতে পারেনি। ইনিংস বিরতির সময় ফক্স ক্রিকেটে আলাপে এই তরুণ তুলে ধরেন টেস্ট দলে ডাক পাওয়ার মুহূর্তটির কথা। 

“আমি নেটে ছিলাম এবং জর্জ বেইলির কাছ থেকে তখন কল পাই। তিনি জানান যে, আমি টেস্ট স্কোয়াডে আছি। সঙ্গে সঙ্গে আমার বাবা-মাকে কল দেই, খবরটি শুনে তারা খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। মা কাঁদছিলেন, আমি না কাঁদার চেষ্টা করছিলাম। বাবা খুব গর্বিত। উত্থান-পতন মিলিয়ে অসাধারণ এক যাত্রা এটি, তাদের ত্যাগের জন্য আমি খুবই কৃতজ্ঞ।”

“দলের সবার সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে আছি, মিচেল মার্শ ছাড়া তাদের বেশিরভাগের সঙ্গেই আমার দেখা হয়েছে (শেফিল্ড) শিল্ডে খেলার সময়।” 

গত অক্টোবরে শেফিল্ড শিল্ডের এক ম্যাচেই জোড়া সেঞ্চুরি করে সাড়া ফেলে দেন কনস্টাস। ১৯৯৩ সালে রিকি পন্টিংয়ের পর সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে শেফিল্ড শিল্ডে এক ম্যাচে দুই সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি।

পরে ভারত ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্টে খেলেন ৭৩ রানের ইনিংস। ভারতের বিপক্ষে গত মাসে প্রাইম মিনিস্টার’স একাদশের হয়ে করেন সেঞ্চুরি। শেফিল্ড শিল্ডে ফিরে খেলেন ৮৮ রানের ইনিংস।

এই বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা কনস্টাস এখন পর্যন্ত ১১টি প্রথম শ্রেণির ম্যাচে ২ সেঞ্চুরিতে ৪২.২৩ গড়ে করেছেন ৭১৮ রান।