Published : 18 Jul 2025, 07:28 PM
আঙুলের চোট থেকে সেরে না উঠলে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে কেবল ব্যাটসম্যান হিসেবে রিশাভ পান্তকে খেলানোর কথা ভাবছে ভারত। কিন্তু তাদের এই ভাবনার পক্ষে নন রাভি শাস্ত্রি। দলটির সাবেক প্রধান কোচের মতে, পুরো ফিট না হয়ে খেললে এই কিপার-ব্যাটসম্যানের চোটের অবস্থা আরও খারাপ হতে পারে।
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে জাসপ্রিত বুমরাহর একটি ডেলিভারি মুঠোয় জমাতে গিয়ে বাঁ হাতের তর্জনীতে চোট পান পান্ত। ওই আঘাতে তার চোখেমুখে স্পষ্ট দেখা যায় যন্ত্রণার ছাপ। মাঠ ছেড়ে যেতে বাধ্য হন তিনি। তার বদলি হিসেবে কিপিং করেন ধ্রুভ জুরেল।
যদিও ম্যাচের দুই ইনিংসেই চোট নিয়ে ব্যাটিং করেন পান্ত। প্রথম ইনিংসে ৭৪ রান করে বাঁহাতি ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে করেন ৯ রান। রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচটি ২২ রানে হেরে সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে এখন ভারত।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টের জন্য বেকেনহ্যামে প্রস্তুতি শুরু করেছে ভারত। বৃহস্পতিবার দলটির সহকারী কোচ রায়ান টেন ডেসকাটের সংবাদ সম্মেলনে ওঠে পান্তের প্রসঙ্গ। তখন তিনি বলেন, ম্যানচেস্টারে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে এই ক্রিকেটারকে খেলানো হতে পারে।
ভারত দলের এমন ভাবনা হিতে বিপরীত হতে পারে বলে আইসিসি রিভিউ পডকাস্টে বলেন শাস্ত্রি।
“আমার মনে হয় না, সে যদি কিপিং করতে না পারে তাকে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলানো উচিত। কারণ তাকে তো ফিল্ডিং করতে হবে। সে যদি ফিল্ডিং করে, এতে তার চোটের অবস্থা আরও খারাপ হবে। গ্লাভস পরলে অন্তত কিছুটা সুরক্ষা থাকে। গ্লাভস ছাড়া, চোটের জায়গায় আবার আঘাত পায়, এটা খুব ভালো হবে না। এটা তার চোট আরও খারাপ করবে।”
পান্তের চোটের অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে বললেন ভারতের সাবেক অলরাউন্ডার শাস্ত্রি।
“দেখতে হবে আঙুল ভেঙেছে কিনা। যদি ভাঙে কিংবা চিড় ধরে, তাহলে তাকে বিশ্রাম দিতে হবে এবং পুরো ফিট হয়ে ওভাল টেস্টে ফিরবে। তার এখন কোনো বিকল্প নেই। আর দল এখন জানল যে সে চোট পেয়েছে। পরের টেস্টের একাদশে তাকে রাখতে হলে, তাকে কিপিং করতে হবে এবং ব্যাটিংও করতে হবে। দুটির মধ্যে একটি হলে হবে না। সে যদি পুরো ফিট থাকে এবং কোনো চিড় ধরা না পড়ে, আমার মনে হয় সে খেলবে।”
আগামী বুধবার শুরু ইংল্যান্ড-ভারতের চতুর্থ টেস্ট।