Published : 12 Aug 2026, 10:18 AM
মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বলার মতো পারফর্ম করতে পারেননি সাব্বির রহমান। তবে তার সুযোগ শেষ হয়ে যাচ্ছে না এখনই। জাতীয় দলে ফেরার দাবি জানানোর সুযোগ পাচ্ছেন শামীম হোসেনও। অস্ট্রেলিয়াতে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলে জায়গা পেয়েছেন দুজনই।
১৫ সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন ইরফান শুক্কুর। ৩৩ বছর বয়সী অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান এখন ইমার্জিং দলের হয়ে আছেন দক্ষিণ আফ্রিকা সফরে।
সাম্প্রতিক ধারা মেনে সম্ভাবনাময় ক্রিকেটারদের পাশাপাশি অভিজ্ঞদের নিয়ে গড়া হয়েছে এই দল। ২০১৮ সালের পর জাতীয় দলে সুযোগ না পাওয়া পেস বোলিং অলরাউন্ডার আবু হায়দার আছেন দলে।
এই দলে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়া ক্রিকেটার আরও আছেন আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল ও মৃত্যুঞ্জয় চৌধুরি।
জাতীয় দলের সবশেষ জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে ছিলেন সাকলাইন। রিপন খেলেছেন ঘরের মাঠে গত নিউ জিল্যান্ড সিরিজে। ২০২৩ সালে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা মৃত্যুঞ্জয় এইচপি বা ইমার্জিং দলের নিয়মিত মুখ।
ইমার্জিং দলের হয়ে বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে থাকা আগ্রাসী ওপেনার হাবিবুর রহমান সোহান থাকছেন এই অস্ট্রেলিয়া সফরেও। লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটি ও সেঞ্চুরির রেকর্ড তার।
মালেয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচে ঝড়ো শুরু করেও ইনিংস বড় করতে না পারা আরেক আগ্রাসী ওপেনার জাওয়াদ আবরার জায়গা পাননি এই দলে।
মায়েশিয়ানদের বিপক্ষে দুই ম্যাচে দারুণ বোলিং করা রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল এবার সুযোগ পাচ্ছেন আরেকটু কঠিন পরীক্ষায় নিজেকে মেলে ধরার। স্পিনে তার সঙ্গী এইচপি দলের বরাবরের মুখ রকিবুল হাসান। এছাড়াও সম্ভাবনাময় দুই স্পিনিং অলরাউন্ডার এসএম মেহরব ও সামিউন বশির তো আছেনই।
পেস বোলিংয়ে অভিজ্ঞ পাঁচ বোলারের পাশাপাশি আছেন তরুণ রোহনাত দৌলা বর্ষণ। ইমার্জিং দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় সবশেষ ম্যাচে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট শিকার করেছেন তিনি।
মালয়েশিয়ার বিপক্ষে সিরিজের দল থেকে অস্ট্রেলিয়া সফরে নেই জাওয়াদ, স্বাধীন ইসলাম, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন। তাদের মধ্যে প্রিতম ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় যাবেন চারদিনের ম্যাচের সিরিজ খেলতে।
অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিকে বলা হয় ‘টপ এন্ড।’ এই অঞ্চলের রাজধানী ডারউইনে হয়ে থাকে টুর্নামেন্টটি। এবার এই টুর্নামেন্টের পঞ্চম আসর। বাংলাদেশ এইচপি দল অংশ নিচ্ছে টানা তৃতীয়বার। এবারের আসরে অংশ নেবে ৯টি দল।
এই টুর্নামেন্ট খেলতে শুক্রবার অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা হবে এইচপি দল। আগামী ২২ অগাস্ট নেপাল জাতীয় দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশ এইচপি স্কোয়াড :
ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এস এম মেহেরব হাসান, সামিউন বশির রাতুল, সাব্বির রহমান, রোহনাত দৌলা বর্ষণ, রকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল, মোহাম্মদ রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরি।