০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শাস্তি পেলেন আসিথা ও জয়সওয়াল

অর্থদণ্ডের পাশাপাশি ডিমেরিট পয়েন্টও পেলেন শ্রীলঙ্কা ও ভারতের এই দুই ক্রিকেটার।

শাস্তি পেলেন আসিথা ও জয়সওয়াল
আসিথা-জয়সওয়ালের ঝামেলায় জড়ানোর মুহূর্ত। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2026, 05:52 PM

Updated : 19 Sep 2026, 02:30 PM

মাঠে যে পরিস্থিতি তৈরি করেছিলেন আসিথা ফার্নান্দো ও ইয়াশাসভি জয়সওয়াল, তাতে তাদের শাস্তি একরকম অনুমিতই ছিল। এবার চলে এলো আনুষ্ঠানিক ঘোষণাও। শ্রীলঙ্কা ও ভারতের দুই ক্রিকেটারকে অর্থদণ্ড দিয়েছে আইসিসি।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার সোমবার জানিয়েছে, ‘অনুপযুক্ত শারীরিক সংস্পর্শের’ কারণে লঙ্কান পেসার আসিথা ও ভারতীয় ওপেনার জয়সওয়ালকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

এখানেই শেষ নয়, দুই ক্রিকেটারের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে।

অপ্রীতিকর ঘটনাটি ঘটে রোববার কলম্বো টেস্টের প্রথম দিনের ১৭তম ওভারে। ওই ওভারের প্রথম পাঁচ বলে আসিথাকে তিনটি চার মারেন জয়সওয়াল। শেষ বলে তাকে বোল্ড করে দেন লঙ্কান পেসার। তখন উল্লাসে ফেটে পড়েন স্বাগতিকদের সবাই।

আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ৯ চারে ৪৫ রান করা জয়সওয়াল ড্রেসিং রুমের দিকে হাঁটা শুরু করেন। ওই সময় তাকে কিছু একটা বলে বসেন আসিথা। কথাগুলো ঠিক কী ছিল, তা স্পষ্ট না হলেও তাতে ক্ষুব্ধ হন জয়সওয়াল। ঘুরে দাঁড়িয়ে বোলারের দিকে এগিয়ে যান তিনি এবং পাল্টা জবাব দিতে দেখা যায় তাকে।

শ্রীলঙ্কার অন্য ফিল্ডাররা পরিস্থিতি সামাল দিয়ে জয়সওয়ালকে সেখান থেকে সরিয়ে নেন। আইসিসির বিবৃতিতে এই ঘটনাকে ‘বাকবিতণ্ডা’ উল্লেখ করা হয়েছে। 

“ফার্নান্দোর দিকে এগিয়ে যান জয়সওয়াল এবং দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর জয়সওয়ালের দিকে মাথা এগিয়ে দেন ফার্নান্দো। এর জবাবে জয়সওয়ালও সামনে ঝুঁকে পড়েন, ফলে দুজনের মাথায় সংস্পর্শ হয়।”

তবে টেলিভিশন ফুটেজে দেখা যায়, শারীরিক সংস্পর্শের সূচনা করেছিলেন জয়সওয়ালই। আসিথার মাথায় নিজের হেলমেট পরা মাথা ঠুকে দেন তিনি। ওই মুহূর্তে আসিথাকে পিছিয়ে যেতে দেখা যায়নি।

দুই ক্রিকেটারের আচরণই আইসিসির আচরণবিধির ২.১২ ধারার লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে। রোববারের আগের ২৪ মাসে জয়সওয়াল বা আসিথা কেউই ডিমেরিট পয়েন্ট পাওয়ার মতো কোনো অপরাধ করেননি।

লেভেল-১ অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি হিসেবে আনুষ্ঠানিক সতর্কবার্তা দেওয়া হয়। সর্বোচ্চ শাস্তি হতে পারে খেলোয়াড়ের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট।

দেবদূত পাডিক্কালের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩০০ রান নিয়ে প্রথম দিন শেষ করে ভারত।