Published : 22 Jun 2026, 02:14 PM
ঠিক প্রত্যাশিত গতি পাচ্ছিল না লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের ইনিংস। ১৬ ওভার শেষে রান ১৩৮। এরপর রভম্যান পাওয়েল এমন এক টর্নেডো বইয়ে দিলেন, পরের ওভার শেষেই রান হয়ে গেল ১৬৮! ওভারে পাঁচ ছক্কা মেরে তিনি আউট হয়ে গেলেন শেষ বলটিতে।
মেজর লিগ ক্রিকেটের ম্যাচে সিয়াটল ওর্কাজের বিপক্ষে ক্যামিও ইনিংসটি খেলেন পাওয়েল। তুলাধুনার শিকার বোলারটি ছিলেন দাসুন শানাকা।
ডালাসে বুধবার ওই ওভারের আগের ওভারটিতে দারুণ বোলিং করেন সিয়াটলের হারমিত সিং। জেসস হোল্ডারকে আউট করাসহ ওভারে মাত্র দুই রান দেন যুক্তরাষ্ট্রের বাঁহাতি স্পিনার।
এরপর সেই তাণ্ডব। শানাকার প্রথম বলটি ছিল ব্যাক অব লেংথে। পুল করে ডিপ স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে দেন পাওয়েল। পরেরটিও লেংথ ডেলিভারি, এবার অফ স্টাম্পের বাইরে থেকে টেনে পেশির জোরে লং অন দিয়ে ওড়ান ক্যারিবিয়ান ব্যাটসম্যান।
এরপর অ্যাঙ্গল বদলে রাউন্ড দা উইকেটে আসেন শানাকা। কিন্তু লাভ হয়নি। আবারও লেংথ বল এবং অফ স্টাম্পের বাইরে থেকে টেনে আরেকটি ছক্কা।
সেরা শটটি ছিল চতুর্থ ডেলিভারি। সবচেয়ে বড় ছক্কাও সেটি। রাউন্ড দা উইকেটেই একটু ফুলার লেংথে করেন শানাকা। বলের নিচে গিয়ে লফটেড অফ ড্রাইভের মতো করেন পাওয়েল। বল যেন ডানা মেলে উড়তে থাকে। লং অফের ওপর দিয়ে ১০৫ মিটার লম্বা ছক্কা!
পরেরটিও ছিল একটু ফুলার লেংথেই। লাইন যদিও ছিল একটু আঁটসাঁট। কিন্তু আবার প্রবল আক্রোশে বল উড়িয়ে দেন পাওয়েল। লং অনের ওপর দিয়ে বিশাল আরেকটি ছক্কা
ছয় ছক্কার সম্ভাব্য রোমাঞ্চ তখন ছড়িয়ে পড়েছে। শানাকা ফিরে আসেন ওভার দা উইকেটে। অফ স্টাম্পের বাইরে শর্ট বল করেন তিনি। বল পিচ করে বেরিয়ে যায় আরও একটু। পাওয়েল গায়ের জোরে ব্যাট চালাতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন। বল উঠে যায় আকাশে। শর্ট থার্ড ম্যানেই ক্যাচ নেন ওটনিল বার্টম্যান।
আগের ৩ ওভারে ২৯ রান দেওয়া শানাকা এক ওভারেই হজম করেন ৩০ রান। তবু স্বস্তির শ্বাস ফেলেন শেষ বলে ছক্কা এড়িয়ে। ১১ বলে ৩৭ রান করে ফেরেন পাওয়েল।
ততক্ষণে রানের গতিতে দম দেওয়ার কাজটি অবশ্য হয়েই গেছে। ২০ ওভারে ১৯৬ রান তোলে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।
ফিফটি করতে পারেননি কেউ। তবে কার্যকর ইনিংস ছিল কয়েকটি। পাওয়েলের ওই ক্যামিও ছাড়াও ২৭ বলে ৪০ রান করেন আন্দ্রে ফ্লেচার, ২২ বলে ৩০ কলিন মানরো ও ১৪ বলে ২৩ হোল্ডার।
সিয়াটলের বার্টম্যান ও জাসদিপ সিং তিনটি করে উইকেট নেন।
রান তাড়ায় লড়াই জমাতেই পারেনি সিয়াটল। পাওয়ার প্লের ভেতরই টিম সাইফার্ট ও ম্যাথু ব্রিটস্কিকে ফেরান সুনিল নারাইন। শিমরন হেটমায়ার, মার্কাস স্টয়নিসরাও পারেননি কিছু করতে। শানাকা থেমে যান ৭ বলে ১৪ করে।
আটে নেমে সর্বোচ্চ ২৫ রান করেন হারমিত। সিয়াটল গুটিয়ে যায় ১১৫ রানে।
লস অ্যাঞ্জেলসের আন্দ্রে রাসেল ৩ উইকেট নেন ৮ রানে। ১৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা শ্যাডলি ফন স্কলভিক।