Published : 08 Nov 2025, 08:45 AM
অনুমিতভাবেই দুবাইয়ে আইসিসি সভায় উঠেছে এশিয়া কাপের ট্রফি বিতর্ক। তবে ভারতীয় বোর্ড ঝড় তুলবে বা সভা উত্তপ্ত হবে বলে যে ধারণা করা হয়েছিল, তেমন কিছু হয়নি বলেই জানা গেছে।
ট্রফি বিতর্কের কেন্দ্রীয় চরিত্রদের একজন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি সভায় যোগ দেবেন কি না, এ নিয়ে অবশ্য সংশয় ছিল। আগেও আইসিসি সভায় তিনি অনুপস্থিত ছিলেন। এবার অনেক গুঞ্জনের পর শুক্রবার বিকেলে তিনি দুবাইয়ে পৌঁছান।
ট্রফি নিয়ে আলোচনার ব্যাপারটি আইসিসি সভার আলোচ্যসূচিতে ছিল না। তবে ভারতীয় বোর্ডের সচিব দেবাজিত সাইকিয়া এশিয়া কাপ ফাইনালের পরপরই বলেছিলেন, ব্যাপারটি আইসিসি সভায় তুলবেন তারা। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবর, তিনিই প্রসঙ্গটি তোলেন সভায়।
তবে আনুষ্ঠানিক আলোচনায় ব্যাপারটি ছিল না। অনেকটা অনানুষ্ঠানিকভাবে তিনি আলোচনা করেন এবং মহসিন নাকভি যে ট্রফি আটকে রেখেছেন, তা তুলে ধরেন। দ্রুত ট্রফি ভারতীয় বোর্ডকে দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। আলোচনার ধরনে দ্বন্দ্বের চেয়ে আন্তরিকতার সুরই বেশি ছিল বলে জানিয়েছে ক্রিকবাজ।
আইসিসির বোর্ড সদস্যরাও একরকম একমত হন যে, ট্রফি নিয়ে টানাপোড়েনের সমাধান দ্রুত হওয়া উচিত। প্রয়োজনে একটি কমিটি গঠনের আলোচনাও হয়। তবে তেমন কোনো কমিটি আপাতত গঠিত হয়নি বলে জানা গেছে।
পাকিস্তানকে হারিয়ে ভারত এশিয়া কাপের শিরোপা জিতেছে গত ২৮ সেপ্টেম্বর। কিন্তু ট্রফি এখনও ছুঁয়ে দেখতে পারেনি তারা। পিসিবি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল সভাপতি মহসিন নাকভি, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও, তার কাছ থেকে ট্রফি না নিতে অনড় ভারতীয় বোর্ড। নাকভিও নিজের অবস্থান থেকে সরেননি।