২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফাখার জামানের ঝড়ো শুরুতে ‘ভুল বার্তা’ পায় পাকিস্তান

প্রধান কোচ মাইক হেসন বললেন, ফাখার জামানের শুরুর কয়েকটি শট দেখে তাদের মনে হয়েছিল মিরপুরের এই উইকেট ভালো।

ফাখার জামানের ঝড়ো শুরুতে ‘ভুল বার্তা’ পায় পাকিস্তান
প্রথম টি-টোয়েন্টিতে রানের জন‍্য ছুটছেন পাকিস্তানের দুই ওপেনার সাইম আইয়ুব ও ফাখার জামান। ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2025, 07:54 AM

Updated : 26 Aug 2026, 01:25 PM

প্রথম ওভারে শেখ মেহেদি হাসানের অফ স্পিনে ক্রিজ ছেড়ে বাউন্ডারি মারলেন ফাখার জামান। তাসকিন আহমেদকে স্বাগত জানালেন স্ট্রেইট ড্রাইভে চার মেরে। মেহেদির পরের ওভারে সুইপের পর কাট করে বাঁহাতি ওপেনার বল পাঠালেন সীমানার বাইরে। ঝড়ো শুরু পেয়ে যায় পাকিস্তান। কিন্তু প্রধান কোচ মাইক হেসন পরে বললেন, ফাখারের শুরুর ওই ঝড়ই কিনা দলের বিপদ ডেকে আনে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৩৪ বলে ৪৪ রান করেন ফাখার। কিন্তু সফরকারীদের আর কোনো ব্যাটসস্যানই সুবিধা করতে পারেননি। দুই অঙ্ক ছোঁয়া বাকি সবার স্ট্রাইক রেট থাকে একশর নিচে।

ফাখারের শুরুর ঝড়ে প্রথম তিন ওভারে ৩২ রান করে ফেলে পাকিস্তান। কিন্তু পরের ৫ ওভারে আর মাত্র ১৪ রান করতে পারে তারা। শেষ পর্যন্ত ১১০ রানে গুটিয়ে ৭ উইকেটে হেরে যায় দলটি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হেসন বলেন, শুরুতে ফাখার কিছু শট খেলায় উইকেট সম্পর্কে ভুল ধারণা পান তারা।  

“নিঃসন্দেহে আমরা শুরুটা বেশ ভালোভাবে করেছিলাম। সেটা মূলত ফাখার জামানের চার-পাঁচটি চমৎকার শটের ফল। এতে উইকেটের প্রকৃতি সম্পর্কে কিছুটা ভুল ধারণা তৈরি হয়েছিল। এরপর মাঝখানে আমরা নিজেরাই নিজেদের বিপদে ফেলেছি।” 

নিজেদের ব্যাটিং ব্যর্থতার দায় আড়াল করেননি পাকিস্তানের প্রধান কোচ।

“আমরা কিছু বাজে সিদ্ধান্ত নিয়েছি। যখন বল হুট করে ঢুকে যেতে লাগল, হঠাৎ হঠাৎ লাফাতে লাগল, তখন কাজটা আসলে কঠিন হয়ে ওঠে- তা সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি। উল্টো ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়েছি। মাঝখানে কয়েকটি রানআউট, বিশেষ করে একজন সেট ব্যাটারকে হারানো, দলের অবস্থাকে আরও কঠিন করে তোলে।”

পাকিস্তানের ব্যাটিংয়ের শুরু থেকেই ব্যাটসম্যানদের মধ্যে দেখা যায় তাড়াহুড়ো। প্রথম তিন ওভারে দুই উইকেট হারানোর পরও ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করেননি কেউ। তেড়েফুড়ে মারতে গিয়ে উল্টো নিজেদের বিপদ ডেকে আনেন তারা।

এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে আবারও ফাখারের ঝড়ো ব্যাটিংয়ে ভুল বার্তা পাওয়ার কথা বলেন হেসন।

“ফাখার দারুণ কিছু শট খেলে শুরুতে আমাদের এগিয়ে দিয়েছিল, যা উইকেটের আচরণের সঙ্গে কিছুটা বেমানান। এতে আমাদের মনে হয়েছিল, উইকেট হয়তো আসলেই ভালো। কিন্তু যখন পেসাররা আক্রমণে আসে, তখন স্পষ্ট হয়ে ওঠে, উইকেটটা ততটা সহজ নয়। আর আমরা সেই অনুযায়ী দ্রুত মানিয়ে নিতে পারিনি।”