১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছর পর টেস্ট দলে উইলিয়ামসন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দেশের ইতিহাসের সফলতম ব্যাটসম্যানকে পাচ্ছে নিউ জিল্যান্ড।

এক বছর পর টেস্ট দলে উইলিয়ামসন
কেন উইলিয়ামসন। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 03:26 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

লম্বা সময় পর টেস্টে নিউ জিল্যান্ডের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন কেন উইলিয়ামসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে আছেন দেশটির ইতিহাসের সফলতম ব্যাটসম্যান।

ম্যাচটির জন্য সোমবার ১৪ দলের দল দিয়েছে কিউইরা। উইলিয়ামসন ছাড়াও দীর্ঘ দিন পর সাদা পোশাকের দলে ফিরেছেন পেসার ব্লেয়ার টিকনার। তিন টেস্টের সবশেষটি ২০২৩ সালের মার্চে খেলেন তিনি। 

নিউ জিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর বেছে বেছে সিরিজ খেলছেন উইলিয়ামসন। গত মার্চের চ্যাম্পিয়ন্স ট্রফির পর লম্বা সময় দেশের হয়ে খেলেননি তিনি। সবশেষ জাতীয় দলের জার্সিতে তাকে দেখা যায় গত অক্টোবরে, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। কুঁচকিতে চোট পাওয়ার আগে ওই সিরিজে প্রথম দুই ম্যাচ খেলেন তিনি।

গত বছরের ডিসেম্বরের পর থেকে নিউ জিল্যান্ডের জার্সিতে আর কোনো টেস্ট খেলেননি উইলিয়ামসন। ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দা হান্ড্রেডে খেলার কারণে গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না তিনি। অবশেষে লাল বলের ক্রিকেটে তাকে পাচ্ছে কিউইরা।

চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে না পারায় ডাক পাননি পেসার কাইল জেমিসন। কুঁচকির চোট কাটিয়ে উঠলেও সম্পূর্ণ ফিট নন গ্লেন ফিলিপস, তাই তাকে রাখা হয়নি দলে। এছাড়া চোটের কারণে বিবেচনায়ই ছিলেন না ম্যাট ফিশার, উইল ও’ রোক ও বেন সিয়ার্স।

জিম্বাবুয়ে সফরে টেস্টে অভিষিক্ত দুই পেসার জ্যাকব ডাফি ও জ্যাক ফোকস ধরে রেখেছেন জায়গা। পেস বোলিংয়ে তাদের সঙ্গে আছেন টিকনার। পেস বোলিং অলরাউন্ডার ন্যাথান স্মিথকেও দলে রেখেছে স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কুঁচকিতে চোট পান ড্যারিল মিচেল। সেই সমস্যা কাটিয়ে উঠে আসছে টেস্ট ম্যাচের দলে জায়গা করে নিয়েছেন তিনি।

ক্রাইস্টচার্চে আগামী ২ ডিসেম্বর শুরু প্রথম টেস্ট। সিরিজের পরের দুই ম্যাচ হবে ওয়েলিংটন ও মাউন্ট মঙ্গানুইয়ে; শুরু যথাক্রমে ১০ ও ১৮ ডিসেম্বর।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নিউ জিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, রাচিন রাভিন্দ্রা, মিচেল স্যান্টনার, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।