পাকিস্তান-ইংল্যান্ড
Published : 06 Oct 2024, 05:08 PM
বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশড হওয়ার বেদনা ভুলতে নতুন অভিযানে নামছে পাকিস্তান। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে তাদের সামনে এবার শক্তিশালী ইংল্যান্ড। আসছে সিরিজে অধিনায়ক শান মাসুদকে আরও সাহসী দেখতে চান দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলি।
মুলতানে সোমবার শুরু হবে পাকিস্তান ও ইংল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচের প্রায় দুই দিন আগেই শনিবার নিজেদের একাদশ ঘোষণা করে দেয় ইংল্যান্ড।
শনিবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে ভিডিওবার্তায় পাকিস্তান আগেভাগে একাদশ ঘোষণা না করায় হতাশা প্রকাশ করেন বাসিত। শান মাসুদের মাঠের অধিনায়কত্ব নিয়েও সন্তুষ্ট নন বাসিত।
পাকিস্তানকে তাদেরই মাঠে হোয়াইটওয়াশ করে ভারত সফরে গিয়ে তেমন লড়াই-ই করতে পারেনি বাংলাদেশ। গত মাসে বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্টে যেমন আগ্রাসী ব্যাটিংয়ের পথে হেঁটে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে দেয় রোহিতের দল।
ঘুরে দাঁড়ানোর অভিযানে শান মাসুদকেও তেমন কিছু করার তাগিদ দিলেন বাসিত। উত্তরসূরিকে হতে বললেন রোহিতের মতো সাহসী হতে।
“শান, রোহিতের (রোহিত শার্মা) মতো বাহাদুর অধিনায়ক হও। অধিনায়কত্বে রোহিতের মতো বাহাদুর হতে চাইলে সিদ্ধান্ত নিতে শুরু করো। সাহসী সিদ্ধান্ত নিলেই কেবল জেতা সম্ভব।”
“আপনার দলে ভিরাট কোহলি, রিশাভ পান্ত, রাভিন্দ্রা জাদেজা বা বুম বুম বুমরাহ নেই। তাই তোমার সঙ্গে যারা আছে, তাদের আত্মবিশ্বাস বাড়াও। তাদেরকে বলো, ‘তোমরাই আমার ম্যাচ উইনার।’”