১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রত্যাশিত বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে রাশিদ খানের দল।

প্রত্যাশিত বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের
প্রতিপক্ষকে গুঁড়িয়ে এশিয়া কাপ শুরু আফগানদের। ছবি: আফগানিস্তান ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 01:05 AM

Updated : 26 Aug 2026, 02:16 PM

এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন সেদিকউল্লাহ আটাল। মাঝে তাকে কিছুটা সঙ্গ দিলেন মোহাম্মাদ নাবি। শেষটায় বিস্ফোরক ব্যাটিংয়ে জুটি গড়লেন আজমাতউল্লাহ ওমারজাই। আফগানিস্তান পেল বড় সংগ্রহ। সেই লক্ষ্য তাড়ায় ধারে কাছে যেতে পারল না হংকং। শক্তিতে অনেক পিছিয়ে থাকা দলটি একশর আগেই গুটিয়ে গিয়ে হারল বড় ব্যবধানে। 

টি-টোয়েন্টি এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ৯৪ রানে জিতেছে আফগানিস্তান। আবু ধাবিতে মঙ্গলবার ১৮৮ রান তাড়ায় ৯ উইকেটে ৯৪ রানে থেমেছে হংকং।

জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই সেদিকউল্লাহকে হারাতে পারত আফগানিস্তান। ছন্দে থাকা এই ওপনার পরে বেঁচে যান আরও দুবার। তার তিনটি জীবনেই জড়িয়ে আছেন হংকং অধিনায়ক ইয়াসিম মুর্তাজা। দুটি ক্যাচ ছাড়েন তিনি, আরেকটি ক্যাচ ছোটে তার বোলিংয়ে।

রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের দ্রুত বিদায়ের পর নাবির সঙ্গে ৫১ রানের জুটিতে প্রতিরোধ গড়েন সেদিকউল্লাহ। হংকং স্পিনারদের আঁটসাঁট বোলিংয়ে দ্রুত রান তুলতে পারছিলেন না তারা। ২৬ বলে ৩৩ রান করে নাবির বিদায়ে ভাঙে জুটি। 

গুলবাদিন নাইবের দ্রুত বিদায়ে বাড়ে চাপ। ১৩ ওভারে আফগানিস্তান ৪ উইকেটে করতে পারে কেবল ৯৫ রান। 

ওমারজাইয়ের পাল্টা আক্রমণে শেষ দিকে রান আসে বানের জলের মতো। শেষ ৪ ওভারে ৬৯ সংগ্রহ করে আফগানিস্তান। এতে বড় ভূমিকা ওমারজাইয়ের। সেদিকউল্লাহর সঙ্গে ৩৫ বলে তিনি গড়েন ৮২ রানের জুটি। এতে পেস বোলিং অলরাউন্ডারের অবদান পাঁচ ছক্কা ও দুই চারে ২১ বলে ৫৩ রান।

ইনিংসটি খেলার পথে ২০ বলে পঞ্চাশ স্পর্শ করেন ওমারজাই, টি-টোয়েন্টিতে আফগানিস্তানের কোনো ব্যাটসম্যানের যা দ্রুততম।  

শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করা সেদিকউল্লাহ ৫২ বলে তিন ছক্কা ও ছয় চারে অপরাজিত থাকেন ৭৩ রানে। 

রান তাড়ায় ফাজালহাক ফারুকির করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই ভাঙে হংকংয়ের উদ্বোধনী জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি জয়ের বাস্তবিক কোনো সম্ভাবনা জাগাতে পারেনি। 

মাত্র দুই জন ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পারেন। তিন ছক্কায় ৪৩ বলে ৩৯ রান করেন বাবর হায়তা। ২৬ বলে এক চারে ১৬ রান করেন অধিনায়ক ইয়াসিম।

৩ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নেন নাইব। ফারুকি ২ উইকেট নেন ১৬ রানে।  আঁটসাঁট বোলিং করেন স্পিনারদের সবাই।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২০ ওভারে ১৮৮/৬ (সেদিকউল্লাহ ৭৩*, গুরবাজ ৮, ইব্রাহিম ১, নাবি ৩৩, নাইব ৫, ওমারজাই ৫৩, জানাত ২, রাশিদ ৩*; আয়ুশ ৪-০-৫৪-২, আতিক ৩-১-৩২-১, এহসান ৪-০-২৮-১,  আইজাজ ২-০-২৬-০, ইয়াসিম ৪-০-২৩-০, কিঞ্চিত ৩-০-২৪-২)

হংকং: ২০ ওভারে ৯৪/৯ (জিশান ৫, আনশি ০, বাবর ৩৯, নিজাকাত ০, কালহান ৪, কিঞ্চিত ৬, ইয়াসিম ১৬, আইজাজ ৬, এহসান ৬, আয়ুশ ১, আতিক ১; ফারুকি ৩-০-১৬-২, ওমারজাই ২-০-৪-১, গাজানফার ২-০-৪-০, রাশিদ ৪-০-২৪-১, নুর ৪-০-১৬-১, নাইব ৩-০-৮-২, জানাত ২-০-২১-০)

ফল: আফগানিস্তান ৯৪ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: আজমাতউল্লাহ ওমারজাই