১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইমার্জিং এশিয়া কাপ স্থগিত

শ্রীলঙ্কায় প্রতিকূল আবহাওয়া ও চিকুনগুনিয়া রোগের বিস্তারে স্বাস্থ্যগত উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইমার্জিং এশিয়া কাপ স্থগিত
২০২৩ সালে প্রথম আসরের ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত ‘এ’ দল। ছবি: এসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2025, 05:48 PM

Updated : 26 Aug 2026, 12:51 PM

শ্রীলঙ্কায় উইমেন’স ইমার্জিং টিমস এশিয়া কাপ শুরুর চার দিন আগে স্থগিত হয়ে গেল টুর্নামেন্টটি। দেশটিতে প্রতিকূল আবহাওয়া ও চিকুনগুনিয়া রোগের বিস্তারে স্বাস্থ্যগত উদ্বেগের কারণে নেওয়া হলো এই সিদ্ধান্ত।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সোমবার এক বিবৃতিতে জানিয়েছে এই খবর। আয়োজক বোর্ড শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি শাম্মি সিলভার চিঠির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

টুর্নামেন্ট শুরুর নতুন তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছে এসিসি। 

আগামী শুক্রবার শুরু হওয়ার কথা ছিল উইমেন’স ইমার্জিং টিমস এশিয়া কাপের দ্বিতীয় আসর। ২০২৩ সালে হংকংয়ে অনুষ্ঠিত প্রথম আসরের ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত ‘এ’ দল।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছিল যে, ভারত ও পাকিস্তানের উত্তেজনাময় পরিস্থিতির পর এসিসির আসন্ন টুর্নামেন্টগুলো থেকে ভারত নিজেদের প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে দেশটির ক্রিকেট বোর্ড- বিসিসিআই সচিব দেভাজিত সাইকিয়া সেই খবর উড়িয়ে দিয়ে তখন বলেছিলেন, সিদ্ধান্ত নেওয়া দূরের কথা, এসব টুর্নামেন্টের বিষয়ে কোনো আলোচনাই করেননি তারা।

আগামী সেপ্টেম্বরে ছেলেদের ছয় দলের এশিয়া কাপ হওয়ার কথা ভারতে।