২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘অবসরের দুয়ারে’ রাসেল, উইন্ডিজ টি-টোয়েন্টি দলে ২ নতুন মুখ

ইএসপিএনক্রিকইনফোর খবর, ঘরের মাঠ জ্যামাইকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন আন্দ্রে রাসেল।

‘অবসরের দুয়ারে’ রাসেল, উইন্ডিজ টি-টোয়েন্টি দলে ২ নতুন মুখ
আন্দ্রে রাসেল। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 11:26 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার আন্দ্রে রাসেল। প্রথমবারের মতো এই সংস্করণের দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটসম্যান জুয়েল অ্যান্ড্রু ও বাঁহাতি পেসার জেডাইয়া ব্লেডস।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বুধবার ১৬ সদস্যের দল দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। 

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, ঘরের মাঠ জ্যামাইকার স্যাবাইনা পার্কে প্রথম দুই টি-টোয়েন্টি খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ৩৭ বছর বয়সী রাসেল। 

২০১৯ সাল থেকে শুধু টি-টোয়েন্টি খেলছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ৮৪ টি-টোয়েন্টিতে ১৬৩.০৮ স্ট্রাইক রেটে তার রান এক হাজার ৭৮, উইকেট ৬১টি। দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন তিনি। 

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় কাঙ্ক্ষিত ক্রিকেটারদের একজন রাসেল ক্যারিবিয়ানদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেননি।

১৮ বছর বয়সী অ্যান্ড্রু জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ওয়ানডে খেলেছেন। ২৩ বছর বয়সী ব্লেডস একটি ওয়ানডে খেলেছেন গত বছর বাংলাদেশের বিপক্ষে। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ টেস্টে রান তাড়ায় স্রেফ ২৭ রানে অলআউট হয় তারা, টেস্ট ইতিহাসে যা দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এরপর থেকে প্রবল চাপে আছে তারা।

প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় আগামী সোমবার সকালে। 

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড: শেই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জেডাইয়া ব্লেডস, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।