Published : 10 Feb 2026, 10:17 PM
নিগার সুলতানার অনুপস্থিতিতে ২০২১ সালে দুটি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন ফাহিমা খাতুন। ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিয়ে থাকেন তিনি নিয়মিতই। এবার নেতৃত্বগুণ দেখানোর সুযোগ পেলেন আরেকটু বড় জায়গায়। এবার এসিসি উইমেন’স রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক অভিজ্ঞ এই লেগ স্পিনিং অলরাউন্ডার।
থাইল্যান্ডে অনুষ্ঠেয় টুর্নামেন্টে খেলতে বুধবার ঢাকা ছাড়বেন ফাহিমারা। টুর্নামেন্টের দ্বিতীয় আসর এটি। ২০২৩ সালে প্রথম আসরের ফাইনালে ভারতীয় ‘এ’ দলের কাছে হেরেছিল বাংলাদেশ ‘এ।’
এই আসরটি হওয়ার কথা ছিল গত বছর শ্রীলঙ্কায়। কিন্তু বাজে আবহাওয়া ও চিকনগুনিয়ার প্রকোপ মিলিয়ে আসরটি পিছিয়ে যায়। নতুন স্বাগতিক ঠিক করা হয় থাইল্যান্ডকে।
গত আসরে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া লতা মন্ডল এবারও আছেন দলে। দেশের নারী ক্রিকেটের শুরুর দিকের সেনানী এই পেস বোলিং অলরাউন্ডার জাতীয় দলে ফেরার দাবি জানানোর সুযোগ পাবেন এই টুর্নামেন্টে।
জাতীয় দলে জায়গা হারানো আরও বেশ কজন ক্রিকেটারের সঙ্গে এই দলে রাখা হয়েছে উঠতি ক্রিকেটারদেরও। তবে এই তালিকায় মুর্শিদা খাতুনের নাম না থাকা বিস্ময়কর। তার না থাকার কোনো কারণ জানানো হয়নি বিসবির সংবাদ বিজ্ঞপ্তিতে।
৮ দলের টুর্নামেন্টে ২ গ্রুপে আছে ৪টি করে দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে শ্রীলঙ্কা ‘এ’, মালেয়েশিয়া ও থাইল্যান্ড। ‘এ’ গ্রুপে আছে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে।
শনিবার বাংলাদেশের অভিযান শুরুর লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে। পরের দুই ম্যাচ ১৬ ও ১৮ ফেব্রুয়ারি। সেমি-ফাইনাল দুটি ২০ ফেব্রয়ারি, ফাইনাল ২২ ফেব্রুয়ারি।
ব্যাংককের ট্রেডথাই ক্রিকেট গ্রাউন্ডে হবে সবকটি ম্যাচ।
বাংলাদেশ ‘এ’ দল: ফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, সাদিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তাজ নেহার, লতা মণ্ডল, সুমাইয়া আক্তার, ফাতেমা জাহান।
স্ট্যান্ড বাই: দিশা বিশ্বাস, মিস্টি রানি সাহা, হালিমাতুল সাদিয়া, হাবিবা ইসলাম পিঙ্কি।