পাকিস্তানের বিপক্ষে টেস্ট মিরপুর ও সিলেটে
নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শেষ হওয়ার পর দিনই ঢাকায় আসবে পাকিস্তান দল।
নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শেষ হওয়ার পরদিনই ঢাকায় আসবে পাকিস্তান দল। এই সফরে দুটি টেস্ট খেলবে তারা। ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বছরের শুরুতে দেশের মাঠে সারা বছরের যে সূচি ঘোষণা করেছিল বিসিবি, সেটি অনুযায়ী আগামী ৪ মে বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান দলের। তবে বিসিবি শুক্রবার রাতে জানায়, পাকিস্তানিরা চলে আসবে ৩ মে।
কিউইদের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ২ মে।
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে অভিজাত সংস্করণের সিরিজে যেতে খুব বেশি সময় পাবে না দল। ৮ মে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু প্রথম টেস্ট। ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ম্যাচ দুটির তারিখ অপরিবর্তিত আছে।
গত মাসেই বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে গেছে পাকিস্তান। সেই সফরে টেস্ট ও টি-টোয়েন্টিও ছিল। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে সফরটি ভাগ হয়ে যায়। টি-টোয়েন্টি সিরিজ কাটা পড়ে যায়। টেস্ট সিরিজটি হবে পিএসএলের পর।
দুই দলের সবশেষ টেস্ট সিরিজে ২০২৪ সালে পাকিস্তানে গিয়ে তাদেরকে ২-০তে হারিয়েছিল বাংলাদেশ। আগের ১৩ টেস্টের কেবল একটি ড্র হয়েছিল, বাকি সব জিতেছিল পাকিস্তান।
