Published : 19 Aug 2026, 04:41 PM
দলের পরাজয়ের চোট তো আছেই, বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের পারফরম্যান্সে ধাক্কা লেগেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের র্যাঙ্কিংয়েও। ট্রাভিস হেড যেমন হারিয়েছেন এক নম্বর জায়গা। না খেলেই শীর্ষে উঠে গেছেন হ্যারি ব্রুক।
ডারউইনে দুই ইনিংসের হাসান মাহমুদের বলে বোল্ড হয়েছেন হেড। রান করেছেন ২২ ও ১৭। দ্বিতীয় ইনিংসে বল স্টাম্পে টেনে আনার পর হতাশায় বেশ কিছুক্ষণ মাথা নুইয়ে থেকে ও পরে বেলস কুড়িয়ে স্টাম্পের ওপর আবার বসিয়ে বেশ আলোচনার জন্ম দেন তিনি। ধারাভাষ্যে তার সাবেক সতীর্থ ডেভিড ওয়ার্নার বলেন, “এমন কিছু আমি জীবনে দেখিনি।”
দুই ইনিংসের ব্যর্থতায় এক নম্বর থেকে হেড এক ধাক্কায় নেমে গেছেন চারে।
ব্রুক ফিরে পেয়েছেন শীর্ষস্থান। পাকিস্তানের বিপক্ষে বুধবার শুরু টেস্টে ভালো করতে পারলে তিনি সংহত করতে পারবেন শীর্ষস্থান।
ব্রুকের মতো না খেলেই এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন তার সতীর্থ জো রুট। সাবেক এক নম্বর স্টিভেন স্মিথ এক ধাপ এগিয়ে এখন আছেন তিনে। ডারউইনে ৭১ ও ৪৪ রান করেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান।
ডারউইনে বড় রান না পেয়ে অ্যালেক্স কেয়ারি নেমে গেছেন দুই ধাপ (১৫তম), তিন ধাপ অবনমন হয়েছে মার্নাস লাবুশেনের (৩৬তম)।
দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরিতে অবশ্য উন্নতি হয়েছে ক্যামেরন গ্রিনের। পাঁচ ধাপ এগিয়ে উঠেছেন তিনি তিরিশে।
বোলারদের র্যাঙ্কিংয়ে প্যাট কামিন্স নেমে গেছেন এক ধাপ। ডারউইনে এক উইকেট নিয়ে অস্ট্রেলিয়ান অধিনায়ক আছেন পাঁচে। তিন নম্বর জায়গা ধরে রেখেছেন মিচেল স্টার্ক, না খেলেও ছয়ে টিকে গেছেন স্কট বোল্যান্ড। ১৩ মাস পর ফিরে দুই ইনিংসে সাত উইকেট শিকারি জশ হেইজলউড আছেন আগের মতো নবম স্থানেই। দুই ধাপ নেমে ন্যাথান লায়ন এখন আছেন বারোয়।
অলরাউন্ডাদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন রাভিন্দ্রা জাদেজা, দুইয়ে মার্কো ইয়ানসেন। মেহেদী হাসান মিরাজ ধরে রেখেছেন তিন নম্বর স্থান। তার সঙ্গে যৌথভাবে তিনে থাকা স্টার্ক নেমে গেছেন চারে। পাঁচ থেকে আটে নেমে গেছেন কামিন্স।