Published : 14 Mar 2026, 11:20 PM
ভারতীয় তারকা জাসপ্রিত বুমরাহর সঙ্গে উসমান তারিকের তুলনা কোনোভাবেই যায় না। তবে তাদের মধ্যে একটি মিল খুঁজে পেয়েছেন আকিব জাভেদ-ব্যতিক্রমী বোলিং অ্যাকশন। আর এই কারণে ভারতীয় তারকা বোলারকে পেসারদের ‘তারিক’ মনে হয় পাকিস্তানের নির্বাচকের কাছে!
সময়ের সেরা পেসারদের একজন বুমরাহর বলের ওপর নিয়ন্ত্রণ অসাধারণ। অপ্রচলিত বোলিং অ্যাকশন তো আছেই, সঙ্গে হাত থেকে দেরিতে বল ছাড়া ও বলে বৈচিত্র্য আনায় বেশ পারদর্শী তিনি। ছোট রানআপে দুর্দান্ত সব ইয়র্কার, স্লোয়ার, বাউন্সারে কাবু করেন ব্যাটসম্যানদের।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে বড় অবদান রাখেন বুমরাহ। নিউ জিল্যান্ডের বিপক্ষে ফাইনালে চারটিসহ আসরে যৌথভাবে সর্বোচ্চ ১৪ শিকার ধরেন তিনি। ফাইনালের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন ডানহাতি এই পেসার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ছিলেন তিনি।
পাকিস্তানি স্পিনার তারিক আন্তর্জাতিক ক্রিকেটে কেবলই পথচলা শুরু করেছেন। তবে এরই মধ্যে তুমুল আলোড়ন ফেলে দিয়েছেন তিনি অপ্রথাগত বোলিং অ্যাকশন দিয়ে। সাধারণভাবে রান-আপে এগিয়ে গিয়ে ডেলিভারি স্ট্রাইডে অস্বাভাবিকভাবে থেমে যান তিনি, সেটি অনেক সময় ২-৩ সেকেন্ডও হয়ে যায়। এরপর বল ডেলিভারি করে অনেকটাই লো-আর্ম বা সাইড-আর্ম কিংবা স্লিঙ্গিং অ্যাকশনে। তার রহস্যের কেন্দ্রে মূলত এটিই।
প্রথমবার বিশ্বকাপে খেলতে গিয়ে ৬ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন পাকিস্তানি অফ স্পিনার তারিক। বুমরাহর মতো তাকেও খেলতে এবারের বিশ্বকাপে বেশ ভুগেছে ব্যাটসম্যানরা। সেটি তুলে ধরতে গিয়েই বুমরাহর সঙ্গে তারিককে মিলিয়েছেন আকিব।
“আজকের দিনে, পুরো বিশ্বে কেবল একজন বোলারই এমন আছে-সে বুমরাহ। কারণ সে ব্যতিক্রম। সাধারণ কোনো বোলার নয়। তার বোলিং অ্যাকশনও অপ্রথাগত। যখন সে বল করতে আসে, আমি সব সময়ই বলি, ফাস্ট বোলারদের মধ্যে সে যেন উসমান তারিক।”
“সে (বুমরাহ) এত জোরে এবং এমনভাবে বল করে, ব্যাটসম্যানরা তার বিপক্ষে ছন্দ বা তাল খুঁজে পায় না। সে কাউকে সেই সুযোগই দেয় না।”
বুমরাহর উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন পাকিস্তানের হয়ে ২২ টেস্ট ও ১৬৩ ওয়ানডে খেলা পেসার আকিব।
“সে (বুমরাহ) ছাড়া, এখনকার সময়ে পুরো বিশ্বে, যেকোনো দলের এমন একজন বোলারের নাম বলুন, যাকে দেখে মনে হবে যে তার মধ্যে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস কিংবা তাদের মতো কারো ছায়া আছে। এমন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না।”