১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আচরণবিধি ভঙ্গের অভিযোগে শেখ মেহেদিকে বিসিবিতে তলব

একাদশে জায়গা পাওয়া নিয়ে বিতর্কিক মন্তব্যের অভিযোগ উঠেছে এই অফ স্পিনিং অলরাউন্ডারের বিরুদ্ধে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 02:12 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

আচরণিবিধি ভঙ্গের অভিযোগ মাথায় নিয়ে বুধবার বিসিবি শৃঙ্খলা কমিটির মুখোমুখি হবেন শেখ মেহেদি হাসান। টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করায় তার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে।

সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চট্টগ্রামে একাদশে সুযোগ পাওয়া নিয়ে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। পাশাপাশি প্রকাশ করেন নিজের হতাশা।

তাকে শৃঙ্খলা কমিটিতে জবাব দিতে ডাকার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

“তার মন্তব্য নিয়ে বিসিবির পর্যবেক্ষণ রয়েছে। আজকে (বুধবার) সন্ধ্যা ছয়টায় মেহেদির বক্তব্য জানব। এরপর সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শৃঙ্খলা কমিটি বোর্ডের কাছে সুপারিশ জানাবে।”

দলে জায়গা পাওয়া নিয়ে আগেও নানা সময়ে বিতর্কিত বা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শেখ মেহেদি, সেটিও বিসিবি এবার বিবেচনায় নিয়েছে বলে জানা গেছে। 

সম্প্রতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসের বিরুদ্ধিও। অভিযোগ ছিল, জিম্বাবুয়ে থেকে ফিরে বিসিবিকে না জানিয়ে চীনে ঘুরতে গিয়েছিলেন। তার ব্যাপারেও সিদ্ধান্ত জানাবে বিসিবি।

“লিটনের ব্যাপারে আলোচনা হচ্ছে। আজকের (বুধবার) মধ্যে তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।”

ক্রিকেটারদের ‘কোড অব কন্ডাক্ট’ অনুযায়ী, সিরিজ বা খেলা না থাকলেও দেশের বাইরে গেলে বোর্ডকে জানিয়ে যেতে হয়।