১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রুবেলের ৫ উইকেট ও সাব্বিরের দায়িত্বশীল ইনিংসে সেমি-ফাইনালে এইচপি দল

নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে হারিয়ে টপ এন্ড টি-টোয়েন্টির শীর্ষস্থান মজবুত করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল।

রুবেলের ৫ উইকেট ও সাব্বিরের দায়িত্বশীল ইনিংসে সেমি-ফাইনালে এইচপি দল
অধিনায়ক ইরফান শুক্কুরের সঙ্গে উদযাপন করছেন মোহাম্মদ রুবেল। ছবি: নর্দার্ন টেরিটরি ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2026, 06:33 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের ব‍্যাটসম‍্যানরাও পারলেন না মোহাম্মদ রুবেলের স্পিন রহস্য ভেদ করতে। তাতে লক্ষ‍্য থাকল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের নাগালেই। সতীর্থদের ব‍্যর্থতার দিনে ব‍্যাটিংয়ে দলকে পথ দেখালেন সাব্বির রহমান। আরেকটি জয়ে টপ এন্ড টি-টোয়েন্টির সেমি-ফাইনালে জায়গা করে নিল ইরফান শুক্কুরের নেতৃত্বাধীন দল। 

ডারউইনে শুক্রবার ৩ উইকেটে জিতেছে বাংলাদেশ। নর্দার্ন টেরিটরির ১৪৩ রান ১০ বল বাকি থাকতে পেরিয়ে গেছে সফরকারীরা। 

ছয় ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে বাংলাদেশ। এখনও সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ ঠিক হয়নি। রোববার হবে দুটি সেমি-ফাইনাল ও ফাইনাল। 

চমৎকার বোলিংয়ে ২১ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার রহস্য স্পিনার রুবেল। টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি আশা জাগিয়ে সাব্বির করেন ৪৭ রান।

তিন পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশের ওপেনিং জুটিতে আসে বদল। আগের দুই ম্যাচে ফিফটি পাওয়া আরিফুল ইসলাম ওপেনিংয়ে নামেন হাবিবুর রহমান সোহানের সঙ্গে। জায়গা বদলে রানের দেখা পাননি আরিফুল, ৬ বলে ১০ রানে থামে তার ইনিংস। বেশিক্ষণ টেকেননি সোহানও।

৪১ রানে দুই উইকেট হারানো দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনে নামা সাব্বির। তার ৩৭ বলের ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা।

এই ইনিংস খেলার পথে শামীম হোসেনকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ৩৪ রান যোগ করেন সাব্বির। চতুর্থ উইকেটে ইরফানের সঙ্গে ২৯ বলে গড়েন ৩৫ রানের জুটি। 

শামীম এক চারে ১১ রান করতে খেলেন ১১ বল। পরে দলকে টানতে পারেননি শুক্কুর, এসএম মেহরব। একটি করে ছক্কা ও চারে দলকে জয়ের দুয়ার নিয়ে থামেন সামিউন বাশির। তার বিদায়ের পর বাউন্ডারিতে ম‍্যাচ শেষ করেন আব্দুল গাফফার সাকলাইন।

এর আগে, প্রথম ওভারে ১৩ রান নেওয়া নর্দার্ন টেরিটরি চাপে পড়ে রুবেলের চমৎকার বোলিংয়ে। তিনি শিকার শুরু করেন হার্শতিক বিমব্রালকে ফিরিয়ে। 

নিজের পরের ওভারে জাগা কদুরু ও ডোউটজি হোগেনবোইজেমকে ফেরান রুবেল। রিলে মার্ককে ফিরিয়ে নর্দার্ন টেরিটরির উপর চাপ বাড়ান রকিবুল হাসান। 

৩৫ রানে চার উইকেট হারানো দলকে টেনে তোলার চেষ্টা করেন জর্ডান সিল্ক ও ম্যাট হ্যামন্ড। পঞ্চম উইকেটে তাদের ৩৭ বলে ৪৫ রানের জুটি ভাঙে সিল্কের বিদায়ে। 

আক্রমণে ফিরে আরও দুটি শিকার ধরেন রুবেল। পরপর দুই বলে হ্যামন্ড ও অ্যাগারকে ফেরান তিনি। 

নবম উইকেটে ২১ বলে ২৯ রানের জুটিতে দলকে দেড়শর কাছাকাছি নিয়ে যান ক্যাডেল ম্যাকমোহন ও স্যাম বার্কার। 

সংক্ষিপ্ত স্কোর:

নর্দার্ন টেরিটরি স্ট্রাইক: ২০ ওভারে ১৪৩/৯ (কদুরু ১৬, বিমব্রাল ১০, হোগেনবোইজেম ৭, সিল্ক ৩১, মার্ক ০, হ্যামমন্ড ২৬, মার্টিন ৪, ম্যাকমাহন ২৫, অ্যাগার ০, বার্কার ১৮*, মেনজিস ৬*; মৃত্যুঞ্জয় ২-০-২২-১, রুবেল ৪-০-২১-৫, রকিবুল ৪-০-৩৬-১, সামিউন ৪-০-১৫-১, সাকলাইন ৩-০-২৭-০, মেহেরব ৩-০-২২-১)

বাংলাদেশ এইচপি: ১৮.২ ওভারে ১৪৪/৭ (সোহান ২২, আরিফুল ১০, সাব্বির ৪৭, শামীম ১১, ইরফান ১৭, মেহেরব ৮, সামিউন ১৪, সাকলাইন ৬*, রকিবুল ০*; অ্যাগার ৩.২-০-৩০-১, মেনজিস ৪-০-৩৭-২, বার্কার ১-০-১২-০, মার্টিন ৩-০-১৮-১, হ্যামমন্ড ৪-০-৩০-১, মার্ক ৩-০-১৬-২)

ফল: বাংলাদেশ এইচপি ৩ উইকেটে জয়ী।