Published : 20 Aug 2026, 07:54 PM
কুঁচকির চোটে ইংলিশ মৌসুমের বাকি অংশে আর খেলতে পারবেন না স্যাম কারান। ফলে এই গ্রীষ্মে ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডারের টেস্টে ফেরার আশাও শেষ হয়ে গেল।
২০১৮ সালে ১৯ বছর বয়সে টেস্ট অভিষেক হয় কারানের। ২৪ টেস্টের সবশেষটি তিনি খেলেন ২০২১ সালের অগাস্টে। কিন্তু বেন স্টোকসের অবসরের পর দলে ভারসাম্য আনার প্রচেষ্টায় পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের জন্য তাকে দলে ফেরানোর কথা ভাবছিল ইংল্যান্ডের ম্যানেজমেন্ট।
এই মাসের শুরুতে ইংল্যান্ডের নির্বাচক মার্কাস নর্থ বলেছিলেন, পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য কারানকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছিল। কিন্তু তাদের মনে হয়েছিল, এই গ্রীষ্মে তার তীব্র ওয়ার্কলোড বিবেচনায় হেডিংলি ও লর্ডসে প্রথম দুই টেস্টে এই বাঁহাতিকে খেলানো ‘অন্যায্য’ হবে। ৯ সেপ্টেম্বর এজবাস্টনে শুরু তৃতীয় টেস্টের জন্য কারানকে দলে বিবেচনা করা হবে বলে জানিয়েছিলেন নর্থ।
তবে তার কাউন্টি দল সারের এক বিবৃতিতে বৃহস্পতিবার নিশ্চিত করা হয়েছে, কারানের চোট পরীক্ষা করা হয়েছে এবং শুক্রবার তার কুঁচকিতে অস্ত্রোপচার করা হবে।
গত মার্চে কুঁচকির সমস্যার কারণেই কারান এই বছরের আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।
ইংল্যান্ডের একশ বলের প্রতিযোগিতা ‘দা হান্ড্রেড’-এ এমআই লন্ডনের অধিনায়কত্ব করেন কারান। এবার দলের একটি ম্যাচে তিনি খেলতে পারেননি এবং প্রাথমিক পর্বের বাকি সাত ম্যাচের চারটিতে তার নির্ধারিত বোলিং কোটা পূরণ করেননি।
কারান, স্টোকস বা অন্য কোনো পেস বোলিং অলরাউন্ডার না থাকায়, পাকিস্তানের বিপক্ষে হেডিংলি টেস্টে কোনো বিশেষজ্ঞ স্পিনার না নেওয়ার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। চার পেসারের সঙ্গে একাদশে নেওয়া হয় ড্যান লরেন্সকে, যিনি ছয় নম্বরে ব্যাট করার পাশাপাশি পার্ট টাইম অফ স্পিনে ভূমিকা রাখতে পারেন।
গত অ্যাশেজে একই ধরনের ভূমিকা পালন করা উইল জ্যাকসের অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার হয়েছে। নটিংহ্যামশায়ারের বিপক্ষে বৃহস্পতিবার শুরু কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচের জন্য সারের স্কোয়াডে নেই তিনি।
আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে তার অংশগ্রহণের বিষয়টি মূল্যায়ন করা হবে।