Published : 28 Apr 2026, 07:01 PM
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করল বাংলাদেশ। কিন্তু এরপর একের পর এক উইকেট হারানোর ধাক্কা আর সামলে উঠতে পারল না তারা। একপ্রান্তে ক্যারিয়ার সেরা ইনিংসে দলকে টানলে স্বর্ণা আক্তার। তবে দলের হার এড়াতে তা যথেষ্ট হলো না।
সিলেটে মেয়েদের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৫ রান হারিয়েছে শ্রীলঙ্কা। ১৬১ রানের পুঁজি গড়ে স্বাগতিকদের ১৩৬ রানে থামিয়ে দিয়েছে সফরকারীরা
এটি ছিল নাহিদা আক্তারের শততম টি-টোয়েন্টি ম্যাচ। বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। তার কীর্তির দিনটি জয়ে রাঙাতে পারল না বাংলাদেশ।
লঙ্কানদের জয়ের নায়ক হার্শিথা সামারাউইক্রামা দুটি ছক্কা ও পাঁচটি চারে ৩৫ বলে ৬১ রানের ইনিংস খেলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় ফিফটিতে ৫৫ রান করতে সাতটি চার মারেন ইমেশা দুলানি।
ছয়ে নেমে দুটি ছক্কা ও চারটি চারে ৪৫ বলে ৬০ রান করেন স্বর্ণা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন তিনি। তার আগের সেরা ইনিংস ছিল পাপুয়া নিউগিনির বিপক্ষে ৩৭।
টস জিতে ফিল্ডিং নিয়ে পঞ্চম ওভারেই লঙ্কান শিবিরে ছোবল দেয় বাংলাদেশ। হাসিনি পেরেরাকে ৭ রানে বিদায় করে দেন সুলতানা খাতুন। শেষ ধাক্কা সামাল দিয়ে ৪২ রানে জুটিতে দলকে পথে রাখেন চামারি আতাপাত্তু ও ইমেশা।
দশম ওভারে আতাপাত্তুকে ফেরান অফ স্পিনার সুলতানাই। একটি ছক্কা ও চারটি চারে ৩০ বলে ৩২ রান করে শ্রীলঙ্কার অধিনায়ক।
এরপর ম্যাচের সবচেয়ে বড় যুগলবন্দি উপহার দেন ইমেশা ও হার্শিথা। নাহিদার বলে ইমেশা স্টাম্পড হলে, ১৯তম ওভারে ভাঙে তাদের ৮০ রানের বন্ধন।
ইনিংসের শেষ বলে বিদায় নেন হার্শিথা। ততক্ষণে লড়ার মতো সংগ্রহ পেয়ে যায় লঙ্কানরা।
লক্ষ্য তাড়ায় আগ্রাসী শুরু করেন দিলারা আক্তার। তাকে সঙ্গ দেন জুয়াইরিয়া ফেরদৌসও। তাদের ব্যাটে ৩ ওভারে ৩৩ রান তুলে ফেলে বাংলাদেশ। কিন্তু এরপর বেশিদূর যেতে পারেননি তারা। চতুর্থ বলে আতাপাত্তুর বলে স্টাম্পড হন ৩ চারে ১৬ রান করা জুয়াইরিয়া। ভাঙে ৩৯ রানে জুটি।
তিন বলের মধ্যে ড্রেসিং রুমে ফেরেন শারমিন আক্তার ও নিগার সুলতানা। এক ছক্কা ও চারটি চারে ১৪ বলে ২৩ রান করে এলডব্লিউ হন দিলারা। বিনা উইকেটে ৩৯ রান থেকে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৪৪।
স্বর্ণা ও সোবহানা মোস্তারি বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চালান। কিন্তু থিতু হয়ে ফিরে যান সোবহানা। আতাপাত্তুর বলে তিনিও হন স্টাম্পড। ১৬ রান করতে ২৬ বল খেলেন সোবহানা।
মন্থর শুরু করা স্বর্ণা পরে রানের গতি বাড়ান। প্রথম ১৮ বলে ১১ রান করা ব্যাটার ৩৯ বলে ফিফটি স্পর্শ করেন। ম্যাচের শেষ বলে রান আউটে কাটা পড়েন তিনি।
একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টি আগামী বৃহস্পতিবার।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬১/৪ (হাসিনি ৭, আতাপাত্তু ৩২, ইমেশা ৫৫, হার্শিথা ৬১, হানসিমা ২*; মারুফা ৪-০-৩৭-১, তৃষ্ণা ৪-০-৩৫-০, সুলতানা ৪-০-২৯-২, রাবেয়া ৩-০-২১-০, নাহিদা ৪-০-২৬-১, স্বর্ণা ১-০-১০-০)
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৬/৭ (দিলারা ২৩, জুয়াইরিয়া ১৬, শারমিন ১, নিগার ০, সোবহানা ১৬, স্বর্ণা ৬০, রাবেয়া ৬, সুলতানা ৬*; মালকি ৪-১-৩১-২, মিথালি ৪-০-৩৪-২, সুগান্দিকা ৪-০-২৯-০, আতাপাত্তু ৪-০-১৯-২, কাভিশা ৪-০-২৩-০)
ফল: শ্রীলঙ্কা ২৫ রানে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: হার্শিথা সামারাউইক্রামা
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে শ্রীলঙ্কা