১০ মাস পর ইংল্যান্ডের জার্সিতে মাঠে নামছেন কারান
এবারই প্রথম ব্রেন্ডন ম্যাককালামের কোচিংয়ে খেলবেন স্যাম কারান।
দীর্ঘ এক অপেক্ষা শেষ হচ্ছে স্যাম কারানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় ১০ মাস পর জাতীয় দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন এই ইংলিশ অলরাউন্ডার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে বুধবার, কার্ডিফে। ম্যাচটির জন্য আগের দিন একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড।
এবারই প্রথম ব্রেন্ডন ম্যাককালামের কোচিংয়ে খেলবেন কারান। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে তিনি সবশেষ খেলেছিলেন, ২০২৪ সালের নভেম্বরে; ওই সময় ভারপ্রাপ্ত কোচ ছিলেন মার্কাস ট্রেসকোথিক।
পূর্বে কেবল ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্বে ছিলেন ম্যাককালাম। গত বছরের সেপ্টেম্বরে সাদা বলের কোচের দায়িত্ব নেওয়ার পর জানুয়ারিতে সীমিত ওভারের ক্রিকেটে কাজ শুরু করেন তিনি। কিন্তু, এই সিরিজের আগ পর্যন্ত নিউ জিল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যানের আস্থায় আসতে পারেননি কারান।
সম্প্রতি দা হান্ড্রেডে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে কোচের নজর কাড়েন কারান। ওভাল ইনভিন্সিবলের শিরোপা জয়ে ২৩৮ রান করে ও ১২ উইকেট নিয়ে অবদান রাখেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।
আসছে সিরিজটি থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বেন ডাকেটকে। সেই সঙ্গে হান্ড্রেডে দারুণ পারফরম্যান্সে কপাল খুলে যায় কারানের। শুক্রবার তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। ইংল্যান্ডের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে তার ছিল বড় অবদান, ফাইনাল ও টুর্নামেন্টের সেরা হয়েছিলেন তিনিই।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্প্রতি ঘরের মাঠে ২-১ ব্যবধানে হেরে যাওয়া ওয়ানডে সিরিজে একজন পেস বোলিং অলরাউন্ডের অভাব বোধ করেছে ইংল্যান্ড। দুই স্পিনার জ্যাকব বেথেল ও উইল জ্যাকস মিলে পঞ্চম বোলার দায়িত্ব পালন করেন।
আসছে ম্যাচের একাদশে জায়গা ধরে রেখেছেন তারা দুইজন। বেথেল ব্যাট করতে পারেন তিন নম্বরে আর কারান পাঁচে।
পেস বোলিং বিভাগে আরও আছে জেমি ওভারটন ও দারুণ ফর্মে থাকা জফ্রা আর্চার। লেগ স্পিনের আদিল রাশিদ ও বাঁ-হাতি স্পিনার লিয়াম ডসনও আছেন একাদশে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক (অধিনায়ক), স্যাম কারান, টম ব্যান্টন, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, জফ্রা আর্চার, আদিল রাশিদ
