Published : 20 Jun 2026, 07:06 PM
রিশাভ পান্ত যে লাক্ষ্নৌ সুপার জায়ান্টসে থাকছেন না, এটা এরকম নিশ্চিত হয়ে যায় এবারের আইপিএলের শেষ হওয়ার আগেই। অনুমিত সেই পথেই তিনি হাঁটছেন। পুরোনো ঠিকানা দিল্লি ক্যাপিটালসেই আশ্রয় ফিরে পেতে চলেছেন তিনি। দলবদলের জন্য বিপুল আর্থিক ক্ষতিও মেনে নিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লাক্ষ্নৌ সুপার জায়ান্টসের ‘ট্রেড’ আলোচনা অনেকটাই চূড়ান্ত। পান্তকে দিল্লিতে দিয়ে কুলদিপকে দলে নেবে লাক্ষ্ণৌ।
প্রস্তাবিত চুক্তিতে পান্তের পারিশ্রমিক ২৭ কোটি রুপি থেকে কমে হতে যাচ্ছে ১৫ কোটি রুপির মতো। প্রায় ১২ কোটি রুপি হারাচ্ছেন তিনি, যা তার বর্তমান চুক্তির প্রায় ৪৪.৪৪ শতাংশ। চুক্তি এখন আনুষ্ঠানিক অনুমোদনের জন্য ভারতীয় বোর্ডে পাঠানো হয়েছে।
কুলদিপের পারিশ্রমিক অবশ্য কমছে না। আগের মতোই ১৩ কোটি ২৫ লাখ রুপি পাবেন বাঁহাতি এই রিস্ট স্পিনার।
পান্তের পারিশ্রমিক এতটা কমে যাওয়া একটি বড় খবর। কারণ, আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার তিনি।
রেকর্ড পারিশ্রমিকে দলে নিলেও তার কাছ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স পায়নি লাক্ষ্নৌ। ২০২৫ আসরে একটি সেঞ্চুরি ও একটি ফিফটির পরও ১৩ ইনিংসে তার রান ছিল মাত্র ২৬৯। গড় ছিল ২৪.৪৫, স্ট্রাইক রেট ১৩৩.১৬। এবার রান কিছুটা বেশি করেছেন, ১৩ ইনিংসে ৩১২। গড় ২৮.৩৬, স্ট্রাইক রেট ১৩৮.০৫। কিন্তু গোটা আসরে ফিফটি করেছেন মোটে একটি।
নেতৃত্বেও আলাদা করে তেমন কোনো ছাপ তিনি রাখতে পারেননি। ১৪ ম্যাচের মাত্র ৪টিতে জিতে ১০ দলের মধ্যে তলানিতে থেকে এবারের আসর শেষ করে লাক্ষ্নৌ। গত বছর ১৪ ম্যাচের ৬টি জিতে তারা ছিল সপ্তম।
এবার মৌসুম শেষ হওয়ার আগেই দলের নীতি নির্ধারকদের সঙ্গে তার টানাপোড়েন একরকম প্রকাশ্যই হয়ে ওঠে।
মৌসুম শেষেই তিনি অধিনায়কত্ব ছেড়ে দেন। তার দল ছেড়ে যাওয়াও অনেকটা নিশ্চিত হয়ে যায়। কিন্তু নতুন দল পাওয়ার ক্ষেত্রে বড় বাধা ছিল তার আকাশচুম্বি পারিশ্রমিক। ক্রিকেটার ‘ট্রেড’ করার ক্ষেত্রে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির পক্ষেই এত বড় অঙ্কের পারিশ্রমিক বহন করা কঠিন, বিশেষ করে নিজেদের আর্থিক কাঠামো এবং স্কোয়াডের ভারসাম্যকে মারাত্মকভাবে বিঘ্নিত না করে। পান্ত এখানে বড় ছাড় দেওয়ায় দিল্লির জন্য এই পদক্ষেপ শুরু করার পথ খুলে গেছে বলে মনে হচ্ছে।
পান্ত ও কুলদিপের এই অদলবদল দুজনের জন্যই এক প্রকার ঘরে ফেরার মতো। ঘরোয়া অন্যান্য আসরে দিল্লির হয়েই খেলে থাকেন পান্ত। আইপিএলেও এই দুই মৌসুমের আগে টানা আট মৌসুম তিনি খেলেছেন দিল্লিতেই। কুলদিপের জন্ম, বেড়ে ওঠা উত্তর প্রদেশে, ঘরোয়া টুর্নামেন্টগুলোয় উত্তর প্রদেশের হয়েই খেলে থাকেন তিনি। আইপিএলে প্রথমবার উত্তর প্রদেশের কোনো দলে খেলনে তিনি। দিল্লিতে টানা পাঁচ মৌসুম খেলার আগে টানা ছয় মৌসুম খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে।