১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদকাসক্তির সঙ্গে লড়াই, উইলিয়ামসের আন্তর্জাতিক ক্যারিয়ার ‘শেষ’

অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে আর জাতীয় দলে বিবেচনা করা হবে না বলে জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।

মাদকাসক্তির সঙ্গে লড়াই, উইলিয়ামসের আন্তর্জাতিক ক্যারিয়ার ‘শেষ’
জিম্বাবুয়ের হয়ে তিন সংস্করণ মিলিয়ে আট হাজারের বেশি রান করেছেন শন উইলিয়ামস। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 09:49 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

শন উইলিয়ামস মাদকাসক্তির সঙ্গে লড়াই করছেন বলে জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে আর জাতীয় দলে বিবেচনা করা হবে না এবং তার কেন্দ্রীয় চুক্তি নবায়ন করা হবে না বলে জানিয়ে দিয়েছে বোর্ড। ফলে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার এখানেই শেষ বলে ধরে নেওয়া যায়।

সম্প্রতি ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ৩৯ বছর বয়সী উইলিয়ামস।

জেডসি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, এই ক্রিকেটারের অনুপস্থিতির কারণ জানার জন্য তারা অভ্যন্তরীণভাবে একটি তদন্ত করেছে এবং সেখানে উইলিয়ামস বোর্ডের কাছে স্বীকার করে নিয়েছেন যে, তিনি মাদকাসক্তির সঙ্গে লড়াই করছেন এবং স্বেচ্ছায় পুনর্বাসন কার্যক্রমে যোগ দিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, উইলিয়ামসের শৃঙ্খলাজনিত সমস্যা ও বারবার দলে অনুপস্থিত থাকা দলের প্রস্তুতি ও পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। 

“জেডসি আশা করে যে, চুক্তিবদ্ধ সব ক্রিকেটার পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দলীয় নীতিমালা ও ডোপ বিরোধী নিয়ম মেনে চলবে।”

জেডসি জানিয়েছে, উইলিয়ামসের বর্তমান কেন্দ্রীয় চুক্তি ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হওয়ার পর নবায়ন করা হবে না।

উইলিয়ামসের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০০৫ সালে। জিম্বাবুয়ের হয়ে তিন সংস্করণ মিলিয়ে আট হাজারের বেশি রান তার। সবচেয়ে বেশি সফল তিনি ওয়ানডেতে। এই সংস্করণে ১৬৪ ম্যাচে পাঁচ হাজার ২১৭ রান করেছেন ৩৭.৫৩ গড়ে। আটটি সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে ৩৭টি।

২৪ টেস্টে ছয় সেঞ্চুরিতে ৪৫.২৫ গড়ে তার রান এক হাজার ৯৪৬। ৮৫ টি-টোয়েন্টিতে ১২৮.২৮ স্ট্রাইক রেটে রান এক হাজার ৮০৫।

কিছুদিন আগেও বর্তমানে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের কীর্তি ছিল তার। গত অগাস্টে প্রায় চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এখানে উইলিয়ামসকে পেছনে ফেলে দেন জিম্বাবুয়েরই আরেক ব্যাটসম্যান ব্রেন্ডান টেইলর। 

সুদীর্ঘ এই ক্যারিয়ারে গৌরবময় অর্জন যেমন আছে উইলিয়ামসের, তেমনি জড়িয়েছেন অনেক বিতর্কেও। ক্যারিয়ারের একদম শুরু থেকে বোর্ডের সঙ্গে নানা টানাপোড়েন লেগেই ছিল তার। কেন্দ্রীয় চুক্তি গ্রহণ না করে ইংল্যান্ডে যাওয়া এবং আবার ফিরে আসা, এরকম অনেক ঘটনাই ছিল তার ক্যারিয়ারে।