Published : 29 Mar 2026, 09:07 PM
ঘরোয়া ক্রিকেট মৌসুম চলে এসেছে শেষ প্রান্তে। কিন্তু ঘরোয়া ক্রিকেটের গুরুত্বপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরুর আভাসই নেই এখনও। চরম ক্রিকেটের এই চিত্র চরম হতাশাজনক উল্লেখ করে বিসিবিকে চিঠি দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংস্থাটির সভাপতি মোহাম্মদ মিঠুন চিঠিতে লিখেছেন, লিগ নিয়ে অনিশ্চয়তায় আর্থিক ও মানসিকভাবে ক্রিকেটাররা বিপর্যস্ত।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান আদনান রহমানকে আলাদা চিঠি দেওয়া হয় কোয়াবের পক্ষ থেকে। সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও প্রশাসনের দায়িত্বে থাকা শামসুর রহমান রোববার বিসিবিতে গিয়ে চিঠি দেন।
চিঠিতে ক্রিকেটারদের দুর্ভাবনার দিকগুলো তুলে ধরে আশা করা হয়েছে, দায়িত্বপ্রাপ্তরা যেন দ্রুত সমাধানের উদ্যেগ নেন।
“ঘরোয়া ক্রিকেট মৌসুমের শেষ ভাগে চলে এসেছি আমরা। ঢাকার লিগ ক্রিকেটে এখনো অনেকটা অচলাবস্থা বিরাজমান। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরুর কোনো তোড়জোড় আমরা এখনো দেখতে পাচ্ছি না। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে উল্লেখযোগ্যসংখ্যক ক্লাব অংশ নেয়নি। বঞ্চিত ক্রিকেটারদের নিয়ে কোনো আয়োজন বা তাদেরকে নিয়ে বোর্ডের কোনো ভাবনা আমরা এখনো জানতে পারিনি। ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করা নিয়েও কোনো আলোচনা বা পরিকল্পনা আমাদের চোখে দৃশ্যমান নয়। সব মিলিয়ে, ঘরোয়া ক্রিকেটের বর্তমান চিত্র ক্রিকেটারদের জন্য চরম হতাশাজনক।”
“লিগ নিয়ে অনিশ্চয়তায় ক্রিকেটাররা ভীষণ দুর্ভাবনায় আছে, অনেক ক্রিকেটার অসহায় ও কাতর হয়ে লিগ শুরুর অপেক্ষায় আছে, জীবিকার অবলম্বন থমকে থাকায় অনেকে পরিবার সামলাতে অনেকে হিমশিম খাচ্ছে, আর্থিক সঙ্কটে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত। আমাদের প্রত্যাশা, ঢাকার ক্রিকেটের অভিভাবক হিসেবে আপনি সব সমস্যার সমাধান করে যত দ্রুত সম্ভব লিগগুলো চালুর ব্যবস্থা নেবেন এবং ক্রিকেটারদের মুখে হাসি ফোটাবেন।”
গত বিসিবি নির্বাচনকে ঘিরেই মূলত ঢাকার লিগ ক্রিকেট তথা দেশের ঘরোয়া ক্রিকেটে অস্থিরতা চলছে। বিসিবি নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ তুলে এবং বর্তমান বোর্ড সভাপতিতে অবৈধ দাবি করে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জন করেছে প্রায় দুই-তৃতীয়াংশ ক্লাব। প্রথম বিভাগ লিগ হয়েছে বেশ কটি ক্লাবকে ছাড়াই। বাকি ক্লাবগুলোর ক্রিকেটারদের নিয়ে পরে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করা হয়। দ্বিতীয় বিভাগ লিগেও অনেক ক্রিকেটার অংশ নেয়নি। তাদের ক্রিকেটারদের নিয়ে বিসিবি কোনো উদ্যোগের কথা জানা যায়নি।
জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের আয়ের মূল উৎস ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করা নিয়ে এখনও কোনো কিছুই জানায়নি বিসিবি।