Published : 03 Jul 2026, 03:06 PM
ভারতের একটি করে ম্যাচ যাচ্ছে, আর বৈভাব সুরিয়াভানশিকে না খেলানোর বিতর্ক উচ্চকিত হচ্ছে আরও। এবি ডি ভিলিয়ার্স থেকে মাইকেল ভন ও অ্যালেস্টার কুকের মতো সাবেকরা বলছেন, কিশোর ব্যাটসম্যানকে এখনই খেলানো উচিত ভারতের। তবে সাবা কারিম, চেতেশ্বর পুজারাদের মতো ভারতের সাবেকদের মতে, প্রক্রিয়া মেনেই একাদশে আসা উচিত ১৫ বছর বয়সী ব্যাটসম্যানের।
আয়ারল্যান্ডে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর ইংল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলেছে ভারত। সুরিভানশিকে দেখতে যারা মুখিয়ে আছেন, তাদের চাওয়া এখনও পূরণ হয়নি। তাকে এখনও একাদশে রাখেনি ভারত। এটি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে তুমুল। পক্ষে-বিপক্ষে বিতর্কের ঝড় চলছে।
ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও সহকারী কোচ রায়ান টেন ডেসকাট গত কয়েক দিনে একাধিকবার বলেছেন, সুরিয়াভানশি তুমুল প্রতিভাবান হলেও সরাসরি একাদশে জায়গা দেওয়া হবে না তাকে। অন্য সবার মতো প্রক্রিয়া অনুসরণ করা হবে তাকে দলে নেওয়ার ক্ষেত্রেও।
তবে এই ভাবনার সঙ্গে একমত নন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি তার ইউটিউব চ্যানেলে বললেন, আইপিএলে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর সুরিয়াভানশির জন্য কোনো প্রক্রিয়ার প্রয়োজন দেখেন না তিনি।
“তাকে কবে মাঠে নামানো হবে? আমি মনে হয়েছিল. তার আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা অর্জনের জন্য আয়ারল্যান্ড সিরিজটি উপযুক্ত সুযোগ। দুর্ভাগ্যবশত, সেই সুযোগটি সে পায়নি।
আমি রায়ান টেন ডেসকাটের সঙ্গে দ্বিমত পোষণ করছি, যিনি বলেছেন সুরিয়াভানশিকে অন্য যেকোনো ক্রিকেটারের মতোই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আইপিএলে তার অমন পারফরম্যান্সের পর, তাকে আরও বড় পরীক্ষায় ঠেলে দেওয়ার সময় হয়ে গিয়েছিল, বিশেষ করে আয়ারল্যান্ডের মতো র্যাঙ্কিংয়ের নিচের দিকের দলের বিপক্ষে।”
আইপিএলের সময় থেকেই সুরিয়াভানশিকে নিয়ে বিস্ময় ও মুগ্ধতার কথা অনেকবার বলেছেন মাইকেল ভন। সাবেক ইংল্যান্ড অধিনায়ক এবার ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে বললেন, তার আর তর সইছে না।
“বিসিসিআই এবং নির্বাচক আজিত আগারকারকে আমাদের জিজ্ঞেস করতেই হবে, আয়ারল্যান্ডের বিপক্ষে তাকে (সুরিয়াভানশি) খেলানো হয়নি কেন? আমাদের বন্ধু, ওই বাচ্চাটা…।” পাশে থাকা অ্যালেস্টার কুক তখন মজা করে বলেন, “আমি কাল সেখানে (ম্যাচের ভেন্যু) যাচ্ছি, এবং একজন ভক্ত হিসেবে গাড়ি চালিয়ে যাব এটা নিশ্চিত করতে যে, ১৫ বছর বয়সী ছেলেটি যেন অবশ্যই খেলে।”
সুরিয়াভানশিকে একাদশে নিলে কাকে বাদ দেওয়া হবে, সেটিও বড় প্রশ্ন। অনেকেই আঙুল তুলছেন এখানে সাঞ্জু স্যামসনের মতে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের জয়ের নায়কদের একজন এই ওপেনার। পরে দুটি সেঞ্চুরি করেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে। তবে আয়ারল্যান্ডে দুই ম্যাচেই তিনি আউট হন প্রথম বলে, ইংল্যান্ডে প্রথম ম্যাচ করেছেন ১ রান।
তার জায়গায় সুরিয়াভানশিকে খেলানোর ডাক উঠছে। তবে স্টার স্পোর্টসের ‘ফলো দা ব্লুজ’ অনুষ্ঠানে সাবা কারিম বললেন, স্যামসনকে বাদ দেওয়া হবে ভুল বার্তা। সাবেক ভারতীয় কিপারের মতে, দলের সঙ্গে থেকেও অনেক কিছু শিখতে পারবেন উঠতি এই ক্রিকেটার।

“এই পর্যায়ে আমি তেমনটা মনে করি না (স্যামসনকে বাদ দেওয়া উচিত)। সাঞ্জু স্যামসন একজন অসাধারণ ক্রিকেটার। ম্যাচ জেতানো ক্রিকেটার। এবার আইপিএল মৌসুমটা খুব ভালো কেটেছে। এর আগে সে টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছিল। আমরা কিসের অপেক্ষা আছি? সাঞ্জু তো ভাবছে, ‘সবাই আমার দিকে বন্দুক তাক করে আছে কেন?
সুরিয়াভানশির জন্যও এটি একটি ভালো শেখার অধ্যায়। সে এটাও বুঝতে পারছে যে, এই ভারতীয় একাদশে জায়গা পেতে হলে যোগ্যতা অর্জন করতে হয়। ক্রিকেটার এবং মানুষ হিসেবে তাকে বিকশিত হতে সাহায্য করবে এই পরিবেশ। যদিও তার প্রতিভা অবিশ্বাস্য প্রতিভা, কিন্তু এমন প্রতিযোগিতামূলক জায়গায় এসে নিজের সময়ের জন্য অপেক্ষা করতে হয়।”
একই অনুষ্ঠানে একই সুর ছিল সাবেক ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পুজারার কষ্ঠে।
“এটা তার জন্য এক বিরাট সুযোগ। সে হয়তো একাদশে সুযোগ পায়নি, কিন্তু সে ভারতীয় দলেরই একজন। ১৫ সদস্যের দলে থাকাটা অনেক বড় ব্যাপার। এটা তার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো একটি মুহূর্ত। যখন সে একাদশে সুযোগ পাবে, তখন এর চেয়েও বড় মুহূর্ত হবে।
সুরিয়াভানশিকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। এটা একটা বড় ইতিবাচক দিক যে সে দলের অংশ। সে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ পাচ্ছে এবং এমন একটি পরিবেশে থাকতে পারছে, যেখানে সিনিয়র ক্রিকেটার ও কোচরা তার চারপাশে থেকে তাকে শেখাতে পারবে। সে একজন অসাধারণ প্রতিভাবান ক্রিকেটার, কিন্তু সেই সুযোগের জন্য তাকে কিছুটা অপেক্ষা করতে হবে।”
কদিন আগে সাবেক ভারতীয় স্পিনার রাভিচান্দ্রান অশ্বিনও বলেছিলেন, বাইরে থাকা ও পানি টানার এই সময়টা সুরিয়াভানশিকে আরও সমৃদ্ধ করবে।
তবে ভারতের সবাই আবার এই ভাবনার অনুসারী নন। ধারাভাষ্যকার ও সাবেক অলরাউন্ডার রাভি শাস্ত্রি যেমন বলেছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে অবশ্যই খেলানো উচিত ছিল সুরিয়াভানশিকে এবং খেলালে আইরিশদের পিটিয়ে ছাতু বানাতেন এই ব্যাটসম্যান ও আইরিশদের প্যান্ট খুলে নিতেন। কিংবদন্তি সুনিল গাভাস্কারের মতে, যত দেরিতে অভিষেক করানো হবে, ততই চাপ বাড়বে সুরিয়াভানশির ওপর।
ইংল্যান্ড সফরে ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি শনিবার।