Published : 21 Jun 2025, 04:47 PM
স্যাম কনস্টাসের টেস্ট অভিষেক হওয়ার ছয় মাস হতে চলল। এই সময়ে তার ব্যাটিংয়ে অনেক উন্নতি হয়েছে বলে মনে করেন তিনি। ক্যারিয়ারের প্রথম দুই টেস্ট থেকে শিক্ষা নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে নিজেকে মেলে ধরতে মুখিয়ে আছেন অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটসম্যান।
গত বছরের ডিসেম্বরে বোর্ডার-গাভাস্কার ট্রফির বক্সি ডে টেস্ট দিয়ে ক্রিকেটের অভিজাত সংস্করণে পথচলা শুরু হয় কনস্টাসের। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৮০ হাজারের বেশি দর্শকের সামনে ভারতের বিপক্ষে অভিষেক ইনিংসে ৬৫ বলে ৬০ রান করার পথে দুঃসাহসী কিছু শট খেলে ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দেন এই ওপেনার। পরের তিন ইনিংসে অবশ্য ভালো করতে পারেননি তিনি।
বারবাডোজে শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ১৯ বছর বয়সী কনস্টাস বললেন, ভরা গ্যালারির সামনে আবেগ নিয়ন্ত্রণ করাই ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ।
“আমার প্রথম কয়েকটি টেস্ট ম্যাচে, দর্শকদের সঙ্গে আবেগের বিষয়টি সম্ভবত আমার ওপর প্রভাব ফেলেছিল। তবে কিছুটা বিরতি নিজের ওপর নজর দিতে এবং আমার খেলাকে শক্তিশালী করতে সাহায্য করেছে।”
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী বুধবার ব্রিজটাউনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে কনস্টাসের খেলা নিশ্চিত। শুক্রবার অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়ে দেন, কনস্টাসের পাশাপাশি একাদশে ফিরবেন জশ ইংলিস। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন ফর্মহীনতায় থাকা মার্নাস লাবুশেন, আর চোটের কারণে ছিটকে গেছেন স্টিভেন স্মিথ।
এটি হবে কনস্টাসের তৃতীয় টেস্ট। অভিষেক সিরিজে দুটি টেস্ট খেলার পর শ্রীলঙ্কা সফরের দলে থাকলেও একাদশে জায়গা মেলেনি তার। বিশেষ ভাবনা থেকে সেখানে ওপেনিংয়ে খেলানো হয় ট্রাভিস হেডকে। ঘরোয়া ক্রিকেটে খেলতে সিরিজের মাঝপথে কনস্টাসকে ফেরত পাঠানো হয় দেশে।
পরে লাবুশেনকে ওপেনিংকে তুলে আনায় লর্ডসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের একাদশেও জায়গা পাননি কনস্টাস। যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যায় অস্ট্রেলিয়া।
অভিষেক সিরিজের পর আবার টেস্ট খেলার সুযোগ পেয়ে টিম ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন কনস্টাস। দলের অভিজ্ঞ ক্রিকেটারদের থেকে কীভাবে শিখছেন, সেটাও তুলে ধরলেন তিনি।
“সবসময় উজি (উসমান খাওয়াজা), মার্নাস, স্মিথের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করি, দেখি তারা কীভাবে কাজ করে। তাদের পাশে থাকতে পেরে আমি ভাগ্যবান, বিশেষ করে ১৯ বছর বয়সে। দেশের হয়ে খেলা, বিশ্ব ভ্রমণ করা, সত্যিই স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। আশা করি, সুযোগটি কাজে লাগাব, কারণ এটি শক্তিশালী দল এবং আমি খুবই কৃতজ্ঞ (সুযোগ পেয়ে)।”
ক্যারিবিয়ানে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার এখনও নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে, খাওয়াজার সঙ্গে ইনিংস শুরু করবেন কনস্টাস।
“আমার ব্যাটিং কোচের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করার চেষ্টা করছি। মনে হচ্ছে, আমার খেলায় অনেক উন্নতি হয়েছে। তাই আশা করি, পরবর্তী কয়েকটি টেস্ট ম্যাচে আমি তা দেখাতে পারব।”