১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোহলির ‘ভূমিকায়’ তিলাক

টি-টোয়েন্টি ক্রিকেটে এর মধ্যেই দুর্দান্ত পারফর্ম করে ভারতের বড় ভরসা হয়ে উঠেছেন তিলাক ভার্মা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2026, 11:34 AM

Updated : 26 Aug 2026, 05:33 PM

ভিরাট কোহলির সঙ্গে তিলাক ভার্মার তুলনা? নিশ্চিতভাবে জিভে কামড় দিয়ে বসবেন অনেকে। তবে কোহলির শূন্যতা পূরণের দায়িত্ব তো কাউকে নিতে হবে। সেখানেই তিলাকের ওপর ভরসা রাখছেন ইরফান পাঠান। বিশেষ করে, চাপ সামলানোর দিক থেকে কোহলির ভূমিকা তিলাক পালন করতে পারবেন বলেই মনে করেন ভারতের সাবেক পেসার।

টি-টোয়েন্টিতে এর মধ্যেই ভারতের বড় ভরসা হয়ে উঠেছেন তিলাক। ৪০ ম্যাচ খেলে তার ব্যাটিং গড় ৪৯.২৯, স্ট্রাইক রেট ১৪৪.০৯। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকায়। ফিফটি করেছেন আরও ছয়টি। চাপের মধ্যে দারুণ কয়েকটি ইনিংস উপহার দিয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান। 

নিজের ইউটিউব চ্যানেলে পাঠান বললেন, কোহলির মতোই চাপের মধ্যে আস্থা জোগাচ্ছেন তিলাক।

“তিলাক নিয়মিতই তিন ও চার নম্বরে ব্যাট করছে। সে চাপ শুষে নিয়েছে এবং শতরান করেছে। গত এশিয়া কাপের ফাইনালেও পাকিস্তানের বিপক্ষে দারুণ ইনিংস খেলেছে সে। সেদিক থেকে বলা যায়, তিলাক নিজেকে দারুণভাবে তুলে ধরেছে। এই ধরনের ভূমিকা ভিরাট কোহলি পালন করত।”

গত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে প্রচণ্ড চাপের মধ্যে ৬৯ রানের ম্যাচ জেতানো অপরাজিত ইনিংস খেলেন তিলাক। সেই ইনিংসটি দেখে বিশ্বাস পোক্ত হয়েছে পাঠানের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে কোহলির ইনিংসটির কথা মনে পড়েছে তার। 

“কোহলি তো বরাবরই দুর্দান্ত ছিল এবং চাপের মুহূর্তগুলোয় দারুণভাবে মানিয়ে নিত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে গোটা আসরে সে ভালো করেনি। কিন্তু তার ওপর ভরসা রাখা হয়েছে এবং সে ফাইনালে ভালো খেলেছে। বিস্ফোরক ইনিংস সেটি ছিল না, কিন্তু পরিস্থিতি বিবেচনায় গুরুত্বপূর্ণ ছিল।”

“এশিয়া কাপের ফাইনালে তিলাক ভার্মাও ঠিক সেভাবে খেলেছে। পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়েছিল ভারত। কিন্তু তিলাক নিজের পরিকল্পনা ধরে রেখেছে এবং হিসেবি ঝুঁকি নিয়ে খেলেছে। সাঞ্জু স্যামসন ও শিভাব দুবে ঝুঁকি নিয়ে বড় শট খেলেছে এবং শেষ পর্যন্ত ভারত ম্যাচ জিতেছে।”

আগামী বিশ্বকাপেও ভারতের বড় ভরসা হতে যাচ্ছেন তিলাক। আপাতত চোটের কারণে তিনি মাঠের বাইরে আছেন। বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচে তিনি খেলতে পারবেন না।