Published : 26 Aug 2026, 12:31 AM
রিশাদ হোসেনের টেস্ট সম্ভাবনা নিয়ে দেশের ক্রিকেটে আলোচনা হয়েছে নানা সময়েই। সেই দাবি কি জানাতে পারবেন এই লেগ স্পিনার? বড় দৈর্ঘ্যের ক্রিকেটে একজন পেস বোলিং অলরাউন্ডারের খোঁজ চলছে অনেক দিন ধরে। মোহাম্মদ সাইফ উদ্দিন কি হতে পারেন একজন বিকল্প? প্রশ্নগুলোর জবাব মিলতে পারে সামনেই। দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় চার দিনের ম্যাচের বাংলাদেশ ‘এ’ দলে রাখা হয়েছে দুজনকেই।
স্কোয়াডে থাকা মানেই ম্যাচ খেলার নিশ্চয়তা নয়। তবে একাদশে জায়গা পেলে তাদের পারফরম্যান্স দেখার কৌতূহল থাকবে অনেকেরই।
তাদের এই সুযোগটি অবশ্য এসে গেছে অনেকটা হুট করেই। বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ক্রিকেটারদের ভিসার মেয়াদ বাড়াতে না পারায় এই ব্যবস্থা নিতে হয়েছে বলে জানালেন দলের সঙ্গে থাকা নির্বাচক নাদিফ চৌধুরি।
ইমার্জিং দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ‘এ’ দলে যোগ দেওয়া মাহিদুল ইসলাম অঙ্কন, এনামুল হকের ভিসার মেয়াদ না বাড়ায় দেশে ফিরতে হচ্ছে। চোটের কারণে ছিটকে গেছেন শাহাদাত হোসেন, জাকির হাসান ও ইকবাল হোসেন ইমন। এই পাঁচ ক্রিকেটারের সঙ্গে প্রথম ম্যাচের দল থেকে বাদ পড়েছেন কালাম সিদ্দিকি।
জাতীয় দলের পাশাপাশি হাই পারফরম্যান্স (এইচপি) দল বর্তমানে অস্ট্রেলিয়ায় আছে। দক্ষিণ আফ্রিকায় আছে ইমার্জিং দল ও ‘এ’ দল। একসঙ্গে চার দলের খেলা থাকায় দল নির্বাচনে বেশ বিপাকে পড়েছেন নির্বাচকরা।
নাদিফের কণ্ঠে অসহায়ত্বই ফুটে উঠল সার্বিক পরিস্থিতি নিয়ে।
“ভিসা ইস্যু একটা বড় সমস্যা হয়েছিল। আমরা মেলাতে পারছিলাম না। চোট মিলিয়ে একটা বাজে অবস্থায় পড়ে গিয়েছি। এখন বাধ্য হয়ে সাদা বলে যারা খেলে, ওদেরকেই খেলাতে হবে। কোনো উপায় নেই।
একটা আঁটসাঁট সূচি হয়ে গেছে। সবার প্রাপ্যতা আর ভিসা একটা বড় সমস্যা হয়েছে। ঠিকমতো গোছানো হয়নি এই দলটা, একসঙ্গে সব দলের খেলা। আপনারাও দেখছেন হয়তো ৪-৫ জন ওপেনার (এক সঙ্গে খেলাতে হচ্ছে), তারপর সাদা বলের খেলোয়াড়দের খেলাচ্ছি। আসলে সমস্যা হয়ে গেছে।”
এই পরিস্থিতিই সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে রিশাদ ও সাইফের জন্য।
দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের একদিনের ম্যাচের সিরিজের জন্য মিরপুরে নিয়মিত সাদা বলে অনুশীলন করছিলেন সাইফ। এখন এই সিরিজে মাঠে নামার আগে তাকে খেলতে হবে লাল বলে। চোটজর্জর ক্যারিয়ারে সবশেষ প্রথম শ্রেণির ম্যাচটি তিনি খেলেছেন সেই ২০২২ সালের ডিসেম্বরে।
রিশাদ সবশেষ প্রথম শ্রেণির ম্যাচটি খেলেছেন গত নভেম্বরে জাতীয় লিগে। তবে জাতীয় দলের ব্যস্ততা না থাকলে প্রথম শ্রেণির ক্রিকেটে মোটামুটি নিয়মিতই খেলে থাকেন তিনি।
রিশাদ-সাইফ উদ্দিনের পাশাপাশি দ্বিতীয় ম্যাচের দলে আছেন জাকের আলি ও মুশফিক হাসান। অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে এই দুই ক্রিকেটারকে ফেরত আনা হয়েছিল ‘এ’ দলের হয়ে খেলানোর জন্য। তবে ভিসা জটিলতায় প্রথম চারদিনের ম্যাচের দলে যোগ দিতে পারেননি তারা।
এছাড়া নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয় ও রেজাউর রহমান রাজাকে রাখা হয়েছে দ্বিতীয় চার দিনের ম্যাচের দলে। সম্প্রতি জিম্বাবুয়ে সফরে টেস্ট অভিষেক হওয়া হৃদয়ের কাঁধে থাকবে এই ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব। সোহান খেলেছেন ১১ টি টেস্ট। রেজাউর নানা সময়েই খেলেছেন ‘এ’ দল, বিসিবি একাদশ ও অন্যান্য দলে। টেস্ট স্কোয়াডেও জায়গা পেয়েছিলেন তিনি। তবে অভিষেক হয়নি।
বাংলাদেশ ‘এ’ দল স্কোয়াড: মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), হাসান মুরাদ, নাঈম হাসান, আল ফাহাদ, রেজাউর রহমান রাজা, জাকের আলি, মুশফিক হাসান, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফ উদ্দিন।