২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চোট পেয়ে ছিটকে গেলেন ছক্কার বিশ্বরেকর্ড গড়া ব্যাটসম্যান

১৯ ছক্কায় বিশ্বরেকর্ড গড়া ব্যাটসম্যান খেলতে পারবেন না মেজর লিগ ক্রিকেটের প্লে-অফে ও নিউ জিল্যান্ডের হয়ে ত্রিদেশীয় সিরিজে।

চোট পেয়ে ছিটকে গেলেন ছক্কার বিশ্বরেকর্ড গড়া ব্যাটসম্যান
ফিন অ্যালেন যেদিন ছক্কার রেকর্ড গড়েছিলেন। ছবি: মেজর লিগ ক্রিকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2025, 12:57 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

মেজর লিগ ক্রিকেটের এবারের মৌসুমের উদ্বোধনী ম্যাচে ছক্কার বিশ্বরেকর্ড গড়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন ফিন অ্যালেন। আসরের শেষ প্রান্তে এসে ফাইনালের লড়াইয়ে টিতে থাকার ম্যাচে খেলতে পারছেন না তিনি। পায়ের চোটের কারণে টুর্নামেন্টের বাকিটায় বিস্ফোরক এই ওপেনারকে পাবে না স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নস। খেলতে পারবেন না তিনি নিউ জিল্যান্ডের হয়ে সামনের ত্রিদেশীয় টুর্নামেন্টেও। 

মেজর লিগ ক্রিকেটের এলিমিনেটর ম্যাচে ডালাসে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টায় এমআই নিউ ইয়র্কের মুখোমুখি হবে স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নস।

আসরের প্রথম ম্যাচে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে ৫১ বলে ১৫১ রানের ইনিংস খেলেছিলেন অ্যালেন। সেদিন ১৯টি ছক্কা মেরে গড়েছিলেন বিশ ওভারের ক্রিকেটের রেকর্ড। ভেঙে দিয়েছিলেন ক্রিস গেইল ও সাহিল চৌহানের ১৮ ছক্কার রেকর্ড।

পরের ম্যাচগুলিতে অতটা জ্বলে উঠতে পারেননি আর। তার পরও ফিফটি করেছেন দুটি। ৯ ম্যাচে ২২৫ স্ট্রাইক রেটে ৩৩৩ রান করে এই টুর্নামেন্টে দলের সেরা ব্যাটসম্যান তিনিই।

প্রাথমিকপর্বে দলের শেষ ম্যাচটিতেও তিনি খেলেছেন গত রোববার। সেটিই হয়ে থাকল এবার তার শেষ ম্যাচ।

এই টুর্নামেন্টে খেলেই হারারেতে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল অ্যালেনের। সেখানে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউ জিল্যান্ড। 

কিন্তু এখন তাকে ফিরতে হবে দেশে। ক্রিকেট নিউ জিল্যান্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশে ফেরার পর বিশেষজ্ঞ দেখিয়ে বোঝা যাবে তার চোটের মাত্রা ও কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন।

২৬ বছর বয়সী ব্যাটসম্যানের বদলে এখন অন্য কাউকে নেবে নিউ জিল্যান্ড। স্যান ফ্রান্সিসকো ইউনিকর্ন অবশ্য বিকল্প কাউকে দলে যোগ করবে না বলে জানিয়েছে। 

এলিমিনেটর ম্যাচটিতে স্যান ফ্রান্সিসকো পাবে না রোমারিও শেফার্ডকেও। আসরে পাঁচ ইনিংসে আট উইকেট নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু রানও করেছেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। এখন তিনি গ্লোবাল সুপার লিগে খেলতে যোগ দিয়েছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে।