Published : 11 Aug 2025, 03:42 PM
জাসপ্রিত বুমরাহর ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ নিয়ে চলমান বিতর্কের মাঝে নতুন মাত্রা যোগ করেছেন দিলিপ ভেংসরকার। ভারতের সাবেক অধিনায়কের মতে, সবশেষ আইপিএলে দলের সেরা পেসারকে না খেলার জন্য মানানো উচিত ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের। আর এতে ইংল্যান্ড সফরে সম্পূর্ণ ফিট বুমরাহকে পাওয়া যেত।
চোটপ্রবণ বুমরাহকে নিয়ে সতর্ক থাকতে চায় ভারত। তাই অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে তাকে বিশ্রাম দিয়ে খেলায় তারা। ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগেই অবশ্য দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, পাঁচ ম্যাচের সিরিজে তিনটি টেস্ট খেলানো হবে বুমরাহকে।
নিজের পরিকল্পনায় অটল থেকে সিরিজটি শেষ করে ভারত। সিরিজের প্রথম, তৃতীয় ও চতুর্থ টেস্টে বুমরাহকে খেলায় তারা। এভাবে বিশ্রাম দিয়ে অভিজ্ঞ বোলারকে খেলানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া সিরিজ চলাকালেই একবার জানিয়েছিলেন ভেংসরকার।
বুমরাহ যে দুটি ম্যাচ খেলেনি, সেই দুটিই জিতেছে ভারত। রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা সিরিজটি ২-২ সমতায় শেষ করেছে তারা। টাইমস অব ইন্ডিয়াকে ভেংসরকার বলেছেন, বুমরাহ পুরোপুরি ফিট ও সতেজ থাকলে সিরিজটি জিততে পারত ভারত। আর ফিট বুমরাহকে পেতে কি করা প্রয়োজন ছিল, সেটাও তুলে ধরেছেন তিনি।
“ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের গুরুত্ব ও তার চোটপ্রবণ পিঠের কথা বিবেচনা করে, বিসিসিআই, নির্বাচক ও ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টের উচিত ছিল বুমরাহকে ২০২৫ সালের আইপিএলে না খেলতে বলা। আইকনিক সিরিজটির জন্য সম্পূর্ণ ফিট ও সতেজ বুমরাহকে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি যদি প্রধান নির্বাচক হতাম, মুকেশ আম্বানি (মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক) ও বুমরাহকে বোঝাতাম যে, ইংল্যান্ড সিরিজের জন্য আইপিএলে না খেলা কিংবা অল্প কিছু ম্যাচ খেলা বুমরাহর জন্য গুরুত্বপূর্ণ।”
“এমন সিরিজগুলো সম্ভবত চার বছরে একবার হয়। আমার মনে হয়, ২০২৭ সালের জানুয়ারির (অস্ট্রেলিয়ার বিপক্ষে) আগ পর্যন্ত ভারত পাঁচ টেস্টের সিরিজ খেলবে না। এটি ছিল যুগ যুগ ধরে চলা একটি সিরিজ এবং আমি আশা করেছিলাম বুমরাহকে প্রায় সব টেস্টেই পাওয়া যাবে। যদি এমনটা হতো, তবে আমরা সিরিজটি জিততে পারতাম।”
এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে ১২ ম্যাচ খেলেন বুমরাহ। ওভারপ্রতি সাড়ে ছয়ের একটু বেশি রান দিয়ে ১৮ উইকেট নেন তিনি। আর ইংল্যান্ড সফরে তিন টেস্ট খেলে ধরেন ১৪ শিকার।