১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাথায় আঘাত পেয়ে অ‍্যাম্বুলেন্সে মাঠ ছাড়লেন এনগিডি

ফ্লাইট বুঝতে তালগোল পাকিয়ে মাঠে পড়ে যাওয়ার সময় মাথায় চোট পেয়েছেন দিল্লি ক‍্যাপিটালসের এই পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2026, 01:56 AM

Updated : 26 Aug 2026, 03:29 PM

আইপিএলের ম্যাচ চলাকালীন মাথায় আঘাত পেয়ে অ‍্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়লেন লুঙ্গি এনগিডি। ফিল্ডিংয়ের সময় বলের ফ্লাইট বুঝতে তালগোল পাকিয়ে মাঠে পড়ে যাওয়ার সময় চোট পান দিল্লি ক‍্যাপিটালসের এই পেসার। 

পাঞ্জাব কিংসের ইনিংসের তৃতীয় ওভারে আকসার প‍্যাটেলের বলে তুলে মারেন প্রিয়ানশ আরিয়া। মিড অফ থেকে পিছিয়ে গিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টায় পারেননি এনগিডি। নাগালের বাইরে থাকা বল মুঠোয় নিতে মরিয়া চেষ্টায় লাফিয়ে উঠেন তিনি। পড়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। মাথার পেছনের অংশ জোরে লাগে মাটিতে। 

গড়িয়ে সরে গিয়ে মিনিট খানেক শুয়ে থাকেন তিনি। ছুটে আসেন সতীর্থরা, ফিজিও, কোচরাও আসেন মাঠে। এনগিডির গলা ধরে রেখে কিছুক্ষণ কথা বলেন ফিজিও। 

স্ট্রেচারে তোলা হয় এনগিডিকে। চিকিৎসক ও ফিজিওরা ঘিরে রাখেন দক্ষিণ আফ্রিকার এই পেসাররকে। স্ট্রেচারে করে তাকে তোলা হয় অ‍্যাম্বুলেন্সে এবং নেওয়া হয় হাসপাতালে।