১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আফগানিস্তানের নেতৃত্ব হারালেন রাশিদ খান

নতুন টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে ওপেনার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানকে।

আফগানিস্তানের নেতৃত্ব হারালেন রাশিদ খান
রাশিদ খানের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় আফগানিস্তান। ছবি: এসিবি ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 06:02 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতায় আফগানিস্তানের অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাশিদ খানকে। নতুন টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে ওপেনার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানকে।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য দল ঘোষণার সময় বৃহস্পতিবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নেতৃত্বে বদল আনার কথা নিশ্চিত করে।

রাশিদের নেতৃত্বে চলমান বিশ্বকাপের সুপার এইটে উঠতে ব্যর্থ হয় আফগানিস্তান। গত আসরের সেমি-ফাইনালে খেলা দলটি এবার গ্রুপ পর্বে প্রথম ম্যাচে হারে নিউ জিল্যান্ডের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ ‘টাই’ হওয়ার পর নাটকীয় ডাবল সুপার ওভারে হেরে যায় তারা। গ্রুপের শেষ দুই ম্যাচে আরব আমিরাত ও কানাডার বিপক্ষে জিততে পারে আফগানরা।

বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় আফগানিস্তান।  

সম্প্রতি ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবরে বলা হয়েছিল, রাশিদকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে বোর্ড। সেটিই সত্যি হলো।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য এদিন আলাদা দল দিয়েছে এসিবি। স্কোয়াডেও বেশ কিছু পরিবর্তন এসেছে। বিশ্বকাপ দলে থাকা ফাজালহাক ফারুকি, গুলবাদিন নাইব ও মোহাম্মাদ ইশাক কোনো দলেই জায়গা পাননি।

টপ অর্ডার ব্যাটসম্যান নুর রাহমান, বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার শারাফউদ্দিন আশরাফ ও বাঁহাতি ফাস্ট বোলার ফারিদ আহমাদকে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে। ওয়ানডে দলে ফিরেছেন ফারিদ আহমাদ মালিক। 

বিশ্বকাপে আফগানিস্তানের চার ম্যাচের তিনটিতে খেলে উইকেটশূন্য থাকা পেসার জিয়া উর রাহমান শারিফি প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন।

তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। শারজাহতে আগামী ১৩ মার্চ টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। দুবাইয়ে ওয়ানডে সিরিজ শুরু ২০ মার্চ। 

আফগানিস্তান টি-টোয়েন্টি দল: ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রাহমানউল্লাহ গুরবাজ, নুর রাহমান, সেদিকউল্লাহ আটাল, দারভিশ রাসুলি, শাহিদউল্লাহ কামাল, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, শারাফউদ্দিন আশরাফ, রাশিদ খান, নুর আহমাদ, মুজিব উর রাহমান, জিয়া উর রাহমান শারাফি, ফারদি আহমাদ মালিক, আব্দুল্লাহ আহমাদজাই।

আফগানিস্তান ওয়ানডে দল: হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রেহমাত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আটাল, দারভিশ রাসুলি, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, রাশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, জিয়া উর রাহমান শারাফি, ফারিদ আহমাদ মালিক, বিলাল সামি।