Published : 17 Jul 2026, 01:39 PM
শেষ ওভারে প্রয়োজন ছিল ২২ রানের। মিচেল ওয়েনের প্রথম দুই বলেই ছক্কা ও চার মেরে দিলেন ম্যাথু শর্ট। ম্যাচে তখন তুমুল উত্তেজনা। কিন্তু এরপর দারুণ বোলিং উপহার দিলেন ওয়েন। পরের চার বলে এলো মোটে চারটি রান। ৫৬ বলে ১২১ রানের ইনিংস খেলেও শর্ট পারলেন না দলকে জেতাতে।
আগের ম্যাচে ৬২ বলে অপরাজিত ৯৪ রান করেও দলের ৭ রানের হার দেখেছিলেন শর্ট। এবার লক্ষ্য ছিল আরও অনেক বড়। তার ব্যাটও হয়ে উঠল আরও অনেক বিধ্বংসী। কিন্তু শেষের পরিণতি সেই একই। আবারও ৭ রানের হার!
রান জোয়ারের উত্তেজনাপূর্ণ ম্যাচটি জিতে মেজর লিগ ক্রিকেটের ফাইনালে উঠে গেল ওয়াশিংটন ফ্রিডম। আগের দিন এলিমিনেটর ম্যাচে ২৬৬ রান টপকে বিশ্বরেকর্ড গড়া দল পরদিন জিতে নিল চ্যালেঞ্জার ম্যাচটিও। প্রাথমিক পর্ব শেষে শীর্ষে থাকলেও স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নস ফাইনালের আগে বিদায় নিল প্লেঅফে টানা দুই হারে।
ওয়াশিংটনের বিশ্বরেকর্ড রান তাড়ার ম্যাচে ৫১ বলে ১৩২ রানের ইনিংস উপহার দেওয়া আন্দ্রিয়েস হাউস আবারও ম্যান অব দা ম্যাচ ৪০ বলে ৭৩ রানের ইনিংস খেলে।
ওকল্যান্ডে বাংলাদেশ সময় শুক্রবার সকালের ম্যাচটিতে ওয়াশিংটন ২০ ওভারে তোলে ২৩৮ রান।
৬ ওভারে ৮৩ রান তুলে বড় স্কোরের ভিত গড়ে দেন ওয়েন ও স্টিভেন স্মিথ। ৫ ছক্কায় ১৯ বলে ৪২ করেন ওয়েন। আগের দিন ৪৮ বলে অপরাজিত ১১০ রান করা স্মিথ এবার থামেন ২০ বলে ৪৩ করে।
তিনে নেমে রাচিন রাভিন্দ্রা আউট হন ১৪ বলে ২৮ রান করে। ২৮ বলে ফিফটি করা হাউস আউট হন শেষ ওভারে।
গ্লেন ম্যাক্সওয়েল (১০ বলে ১৩) ভালো করতে না পারলেও নিখিল চৌধুরি অপরাজিত থাকেন ১৩ বলে ২০ করে।
স্যান ফ্রান্সিসকোর জেভিয়ার বার্টলেট নেন ৩ উইকেট, গুলাম মুদাসসার ২টি।
বিশাল রান তাড়ায় আদর্ম শুরু পায়নি স্যান ফ্রান্সিসকো। ১০ বলে ১৮ করে বিদায় নেন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, ৯ বলে ১৪ ফিন অ্যালেন।
ইনিংসের বাকিটুকু শুধুই শর্টের বীরত্বের গল্প। তাকে সেভাবে সঙ্গ দিতে পারেননি কেউ।
২৫ বলে ফিফটি করেন শর্ট, পরের পঞ্চাশ করে ফেলেন ২১ বলেই।
শেষ ৫ ওভারে প্রয়োজন পড়ে ৭৯ রানের। অন্য প্রান্তে স্বীকৃত ব্যাটসম্যান ছিলেন না একজনও। কিন্তু বার্টলেটকে নিয়ে দারুণ জুটিতে ম্যাচ জমিয়ে তোলেন শর্ট।
৩ ওভারে যখন প্রয়োজন ৪৮ রান, বেন ডোয়ার্শাসের এক ওভারে দুজন মিলে রান তোলেন ১৯।
২ ওভারে লাগে তখন ২৯ রান। বাঁহাতি পেসার সৌরাভ নেত্রাভাল্কার ওই সময়ে দারুণ বোলিংয়ে ১৯তম ওভারে রান নেট মোটে ৭।
এর পর শেষ ওভারের সেই নাটকীয়তা ও ওয়াশিংটনের জয়। ১১ চার ও ৮ ছক্কায় ক্যারিয়ার-সেরা ১২১ করেও শর্ট মাঠ ছাড়লেন হতাশায়।
বাংলাদেশ সময় রোববার ভোরে এই মাঠেই ফাইনালে মুখোমুখি হবে ওয়াশিংটন ফ্রিডম ও লস অ্যাঞ্জেলস নাইট রাইডার।