১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লর্ডস টেস্টে বাবরকে পাওয়ার আশায় পাকিস্তান

দলটির বোলিং কোচ উমার গুল বলেছেন, ইতিবাচক অনুশীলন সেশন কাটিয়েছেন বাবর আজম।

লর্ডস টেস্টে বাবরকে পাওয়ার আশায় পাকিস্তান
লর্ডস টেস্টের আগে অনুশীলনে বাবর আজম। ছবি: পাকিস্তান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 08:52 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

চোট কাটিয়ে অনুশীলনে ফেরা বাবর আজমকে ইংল্যান্ডের বিপক্ষে পরের টেস্টে পাওয়ার আশায় আছে পাকিস্তান। দলটির বোলিং কোচ উমার গুল বলেছেন, নেট সেশনে ভালো অবস্থায় দেখা গেছে অধিনায়ককে।

সিরিজের দ্বিতীয় টেস্টে লর্ডসে ইংল্যান্ডে মুখোমুখি হবে পাকিস্তান। মাঠের লড়াই শুরু হবে আগামী বৃহস্পতিবার।

ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবার আঙুলে চোট পান বাবর। পরে ইংল্যান্ড সফরে প্রস্তুতি ম্যাচে একই আঙুলে আঘাত পেলে সমস্যা আরও বেড়ে যায়। আর এতে হেডিংলিতে সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি তারকা এই ব্যাটসম্যান।

গুল জানিয়েছেন, সেই চোট কাটিয়ে অনুশীলনে ফিরে সবধরনের বোলিংয়ের বিপক্ষেই স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছেন বাবর। তাই তাকে পাওয়ার আশা জেগেছে পাকিস্তান শিবিরে। 

“বাবর নেটে ব্যাটিং করেছে; ফাস্ট বোলার, স্পিনার ও থ্রোডাউনের মুখোমুখি হয়েছে। আমরা আশা করছি, পরের ম্যাচে তাকে পাওয়া যাবে। আর আজ তাকে ভালো অবস্থায় দেখা গেছে, নেটে ভালো ব্যাটিং করেছে। পুরো একটি ব্যাটিং সেশন করেছে।”

বাবরের ফেরাটা পাকিস্তানের ব্যাটিংয়ের জন্য বড় স্বস্তি হয়ে আসবে। প্রথম টেস্টে দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল দলটি। একটি ইনিংসেও দুইশ করতে পারেনি তারা। ম্যাচটি ইনিংস ও ১০৩ রানে হেরে যায় সফরকারীরা।

ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাবর। দুটি ফিফটিতে ১৯৩ রান করেছিলেন তিনি। চার ইনিংসের দুটিতেই ছিলেন অপরাজিত।

ওই সিরিজের আগে বাবরকে আবারও পাকিস্তানের টেস্ট অধিনায়ক করা হয়। লর্ডসে ফিরলে, ইংল্যান্ডে প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা হবে তার। ২০২০ সালে পাকিস্তানের সবশেষ ইংল্যান্ড সফরের পর প্রথমবার নেতৃত্ব পেয়েছিলেন তিনি।

ইংল্যান্ডে এখন পর্যন্ত ছয় টেস্ট ইনিংসে তিনটি ফিফটি করেছেন বাবর, ব্যাটিং গড় ৬৫.৭৫। সব মিলিয়ে, ইংল্যান্ডের বিপক্ষে মোট ১৪ ইনিংসে তার গড় ৫৩.৮৩। এর মধ্যে অর্ধেক ইনিংসেই ফিফটি অথবা সেঞ্চুরি পেয়েছেন তিনি।

বাবর ফিরলে সেটা দলের জন্য বড় সুখবর হবে। তবে এই স্বস্তি নিয়ে পড়ে থাকতে চান না গুল। তার মতে, আগের টেস্টের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে পাকিস্তানকে।

“আগের ম্যাচে যে ভুলগুলো আমরা করেছি, সেগুলো থেকে শিক্ষা নিতে হবে। টেস্ট ম্যাচ জিততে চাইলে সব বিভাগেই পারফর্ম করতে হবে। এক বিভাগ আরেকটিকে টানতে পারে না। তবে এই কন্ডিশনে বোলারদের দায়িত্ব আরও বেশি। ২০ উইকেট না নেওয়া পর্যন্ত টেস্ট ম্যাচ জিততে পারবেন না।

“আজ ক্রিকেটাররা পূর্ণ তীব্রতা নিয়ে অনুশীলন করেছে। আমি নিশ্চিত, ছেলেরা এখানে দারুণভাবে ঘুরে দাঁড়াবে।”