১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেই মোসাদ্দেক এখন দলের ‘আশীর্বাদ’

প্রায় চার বছর পর দলে ফিরে ম্যান অব সিরিজ হয়েছেন মোসাদ্দেক হোসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2026, 08:38 AM

Updated : 11 Sep 2026, 03:24 PM

দলে আসা-যাওয়া ব্যাপারটির সঙ্গে মোটামুটি পরিচিত মোসাদ্দেক হোসেন। বেশ কবারই এই অভিজ্ঞতা তার হয়েছে। এবার যদিও বেশ লম্বা সময় পর ফিরলেন। তবে ফেরার পর যা করলেন, তাতে এই ফেরা তিনি হয়তো ভুলবেন না কখনোই। এমন একজনকে পেয়ে দলের দীর্ঘদিনের ঘাটতি পূরণের একটি আশাও দেখতে পাচ্ছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার সময়টায় ঢাকা প্রিমিয়ার লিগে মৌসুমের পর মৌসুমে অসাধারণ পারফর্ম করেছেন মোসাদ্দেক। তবু ঘোচাতে পারছিলেন না দূরত্ব। এবার অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে সেই ব্যবধান মিটেছে। ফেরার পরই এমনভাবে তিনি নিজেকে মেলে ধরলেন যে, সহসাই আবার তাকে দূরে ঠেলে দেওয়া হবে কঠিন।

প্রায় চার বছর পর ফিরে প্রথম ম্যাচেই তিনি ছিলেন ম্যান অব দা ম্যাচ। ৭০ বলে ৮৬ রানের ক্যারিয়ার সেরা অপরাজিত ইনিংসটির পর বল হাতে নিয়েছিলেন ২ উইকেট। পরের ম্যাচে ভালো শুরুর পর বড় শট খেলার চেষ্টায় আউট হয়ে যান ১৫ রানে। শেষ ম্যাচে রোববার অপরাজিত থাকেন ৫১ বলে ৫৬ রান করে।

ক্যারিয়ারে প্রথমবার ম্যান অব দা সিরিজ স্বীকৃতিও পেয়ে গেছেন এই স্মরণীয় প্রত্যাবর্তন গাঁথায়।

২৫.৩৬ ব্যাটিং গড় নিয়ে সিরিজটি শুরু করেছিলেন তিনি। সিরিজ শেষে তার গড় ৩০.৪২!

রান সংখ্যা বা গড়ের চেয়েও চোখে পড়ার মতো ব্যাপার ছিল তার খেলার ধরন। চাপের মধ্যে নেমেও ইতিবাচক থেকেছেন, পাল্টা আক্রমণ করেছেন, রানের গতি বাড়ানোর চেষ্টা করেছেন, শট খেলতে পিছপা হননি। তিন ম্যাচের দুটিতে অপরাজিত থাকা বলে দিচ্ছে, নিজের কাজটি দারুণভাবেই করেছেন তিনি।

এতদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এমনভাবে মানিয়ে নিয়েছেন, মিরাজের কাছে তা আনন্দময় বিস্ময়।

“অবশ্যই এটা (ফিরে আসা) আমি দলের জন্য আশীর্বাদ মনে করি। ওর জন্য একটা সুযোগ ছিল। চার বছর পরে ফিরে যেভাবে ম্যাচ খেলেছে, মনে হয়নি সম্প্রতি (দলে) ঢুকেছে। তার পারফরম্যান্সে অবশ্যই অনেক খুশি। ব্যাটিং-বোলিং দুইটাই ভালো করেছে। সবশেষ ঘরোয়া এবং সব জায়গায় যে কঠোর পরিশ্রম করেছে, সেটার ফল পেয়েছে।”

অধিনায়ক যেমন খুশি, তেমনি নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট মোসাদ্দেক নিজেও। তাই তো সিরিজসেরা পুরস্কার নিয়ে বললেন, ফিরে এসে এমন পারফরর্ম করে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।

“সুযোগের অপেক্ষায় ছিলাম। আমার জন্য এটা সৌভাগ্যের বিষয়। এতদিন পর ফিরে দলের পারফর্ম করতে পারা সৌভাগ্যের ব্যাপার এবং সত্যিই আনন্দের।”

এবার দলে ফেরার আগে ওয়ানডেতে বেশির ভাগ ইনিংস খেলেছিলেন তিনি সাত নম্বরে। ফেরার সিরিজে খেলেছেন ছয় নম্বরে। অনেক দিন ধরেই এখানে এমন একজন ক্রিকেটারকে খুঁজছিল দল, যে কিনা ব্যাট হাতে বিভিন্ন পরিস্থিদর দাবি মেটাবেন আর বল হাতে নিয়মিত কয়েকটি ওভার চালিয়ে নেবেন।

এই সিরিজের মোসাদ্দেকের সঙ্গে দলের চাওয়া মিলে গেছে বলেই মনে করেন অধিনায়ক মিরাজ।

“আমার কাছে মনে হয়, দলের জন্য ভালো টোন সেট করেছে। অনেকদিন ধরে লড়াই করেছিলাম একটা পজিশনে। আপনারা সবসময় বলতেন যে, মিডল অর্ডার এবং লোয়ার-মিডল অর্ডারে একটা ব্যাটসম্যান থাকলে (ভালো হতো)…। আমার মনে হয়, সে (মোসাদ্দেক) এই জায়গায় ভালো সম্ভাবনা দেখিয়েছে।”