বোর্ডার-গাভাস্কার ট্রফি
Published : 17 Nov 2024, 04:21 PM
অপছন্দের বিষয় নিয়ে প্রতিক্রিয়া প্রকাশে কমই সংযত থাকেন গৌতম গাম্ভির। সম্প্রতি ভিরাট কোহলিকে নিয়ে রিকি পন্টিংয়ের মন্তব্যের পর যে প্রতিক্রিয়া তিনি দেখিয়েছেন, তা নিয়ে বেশ সমালোচিত হচ্ছেন ভারতের কোচ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন বলেছেন, ভারতের জন্য এখন সবচেয়ে বড় উদ্বেগের নাম গাম্ভির।
কদিন আগে আইসিসি রিভিউ-এ কোহলির পড়তি ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পন্টিং। ভারতীয় গ্রেটের গত পাঁচ বছরের টেস্ট পরিসংখ্যান টেনে অস্ট্রেলিয়ান কিংবদন্তি বলেন, অন্য কেউ হলে এই পারফরম্যান্স নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টিকত না।
সত্যিই গত পাঁচ বছরে টেস্টে কোহলির পারফরম্যান্স তার নামের সুবিচার করছে না। ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর থেকে এই পর্যন্ত ৩৪ টেস্টে তার সেঞ্চুরি স্রেফ দুটি। এই সময়ে তার ব্যাটিং গড় মোটে ৩১.৬৮।
পন্টিংয়ের ওই মন্তব্য নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগের সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে গাম্ভির বলেন, “ভারতীয় ক্রিকেট নিয়ে পন্টিংয়ের এত ভাবনা কেন? তার উচিত অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে চিন্তা করা।”
যা ভালোভাবে নেননি অনেকেই। গাম্ভিরের শব্দ চয়ন ও আচরণের কারণে তাকে সংবাদ সম্মেলনে না পাঠানোর পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার সাঞ্জায় মাঞ্জরেকার। এবার ভারতের কোচের ওই প্রতিক্রিয়া নিয়ে কথা বললেন পেইনও।
“আমি এটা (পন্টিংকে গম্ভীরের জবাব) পছন্দ করিনি। আমি মনে করি, এটা ভালো লক্ষণ নয়, কারণ সে (পন্টিং) যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তা ছিল খুব সাধারণ একটি ব্যাপার। আমার মনে হয়, রিকিকে সে এখনও এমন একজন হিসেবেই দেখে যার বিপক্ষে সে খেলছে। কিন্তু রিকি এখন ধারাভাষ্যকার- মতামত দেওয়ার জন্য তাকে অর্থ দেওয়া হয় এবং তার মতামত সঠিক ছিল।”
“ভিরাটের ফর্ম পড়তির দিকে, এটা অবশ্যই চিন্তার বিষয়। তবে আমার কাছে মনে হয়, এখন ভারতের সবচেয়ে বড় চিন্তা রোহিত শার্মা কিংবা ভিরাট কোহলির ব্যাটিং নয়, এটা তাদের কোচ এবং চাপের মুখে তার (গাম্ভিরের) শান্ত থাকার ক্ষমতা।”

২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়ে ভারত। পরে ২০২০-২১ মৌসুমেও অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে জয় পায় তারা। দুইবারই দলটির প্রধান কোচ ছিলেন রাভি শাস্ত্রী। আর সেই দুইবারই অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন পেইন।
শাস্ত্রীর কোচিংয়ের প্রশংসা করে অস্ট্রেলিয়ার সাবেক কিপার-ব্যাটসম্যান গাম্ভিরকে কোচ হিসেবে ভারতের জন্য উপযুক্ত নয় বলে উদ্বেগ প্রকাশ করেছেন।
“তিনি (শাস্ত্রী) দলে দারুণ পরিবেশ তৈরি করেছিলেন, খেলোয়াড়রা উৎসাহিত ছিল, তারা আবেগ দিয়ে খেলেছে, তিনি তাদের স্বপ্ন দেখতে উৎসাহিত করেছিলেন এবং সত্যিই নির্ভার থেকে উপভোগ্য উপায়ে তাদের অনুপ্রাণিত করেছিলেন।”
“তারা (ভারত) এখন এমন একজন নতুন কোচের কাছে গেছে যিনি সত্যিই রগচটা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাবের- এর অর্থ এই নয় যে, এটা ভালো ব্যাপার নয় এবং কোচ হওয়ার একটি ভালো পন্থা নয়। তবে আমার উদ্বেগের বিষয় হলো ভারতীয় ক্রিকেট দলের জন্য এটা খুব মানানসই নয়।”