Published : 02 Mar 2026, 11:34 PM
ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দা হান্ড্রেডে নিলামের প্রাথমিক তালিকা থেকে চূড়ান্ত তালিকায় জায়গা করে নিতে পেরেছেন বাংলাদেশের দুই জন ক্রিকেটার। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের সঙ্গে তালিকায় আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
নিলামের জন্য নাম নিবন্ধন করেছিলেন মোট ৭১০ ক্রিকেটার। বাংলাদেশ থেকে নিবন্ধন করেছিলেন ২৩ জন। ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদার কথা বিবেচনায় চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ২৪৭ জন।
প্রাথমিক তালিকা দেওয়ার পরই জানা গিয়েছিল, এক লাখ পাউন্ড ভিত্তিমূল্যের সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজ, দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে রিশাদ।
প্রাথমিক তালিকা প্রকাশের পর ফ্র্যাঞ্চাইজিগুলোকে দলে নিতে আগ্রহী খেলোয়াড়দের তালিকা জমা দিতে বলা হয়েছিল। আট ফ্র্যাঞ্চাইজির আগ্রহের ভিত্তিতে করা হয়েছে চূড়ান্ত তালিকা।
ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলোতে পাকিস্তানি ক্রিকেটারদের সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও, নাম নিবন্ধন করা পাকিস্তানের ৬৩ ক্রিকেটারের মধ্যে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ১৪ জন। এর মধ্যে নিলামের ১০ মার্কি খেলোয়াড়ের তালিকায় আছেন হারিস রউফ।
চূড়ান্ত তালিকায় থাকা পাকিস্তানের অন্যরা হলেন শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান তারিক, সাইম আইয়ুব, আবরার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, মোহাম্মদ আমির, জামান খান, উসামা মির, ইমাদ ওয়াসিম, আকিফ জাভেদ ও সালমান মির্জা।
গত সপ্তাহে এই লিগে খেলার আশা প্রকাশ করা পাকিস্তানের সাহিবজাদা ফারহান চূড়ান্ত তালিকায় জায়গা করে নিতে পারেননি। পাকিস্তান চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠতে না পারলেও, ব্যাট হাতে বেশ ভালো করেন ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। ছয় ইনিংসে ৩৮৩ রান করে সুপার এইট পর্যন্ত তিনি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে দুটি সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি।
দা হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার ব্যাপারটি উঠে আসে সম্প্রতি বিবিসির একটি প্রতিবেদনে। সেখানে তুলে ধরা হয়, ক্রিকেটারদের এজেন্টদেরকে জানিয়ে দিয়েছে, ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলোতে পাকিস্তানি ক্রিকেটারদের নেওয়া হবে না।
দা হান্ড্রেডের আট ফ্র্যাঞ্চাইজির চারটিই ভারতীয় মালিকানাধীন।
১০ মার্কি খেলোয়াড়ের তালিকায় ইংলিশ ক্রিকেটার পাঁচ জন- জনি বেয়ারস্টো, আদিল রাশিদ, জেমস ভিন্স, জর্ডান কক্স ও জো রুট। বিদেশি ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় রউফের সঙ্গে আছেন এইডেন মার্করাম, ডেভিড মিলার, সুনিল নারাইন ও ড্যারিল মিচেল।
নিলাম হবে আগামী ১২ মার্চ লন্ডনে। আর এই বছরের ২১ জুলাই থেকে ১৬ অগাস্ট পর্যন্ত চলবে টুর্নামেন্ট।