Published : 26 Jul 2025, 10:37 PM
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ভারত অধিনায়ক শুবমান গিলের কিছু সিদ্ধান্ত একেবারেই পছন্দ হয়নি দেশটির সাবেক কোচ রাভি শাস্ত্রির। তবে তার বিশ্বাস, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শিখবেন গিল।
ব্রিটিশ গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টে ভারত অধিনায়কের বোলিং পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলেন শাস্ত্রি। লর্ডস টেস্টে চার উইকেট নেওয়া ওয়াশিংটন সুন্দারকে দেরিতে আক্রমণে আনার সমালোচনা করেন তিনি।
“সে সবশেষ ম্যাচে চার উইকেট পেয়েছে। সেই তাকেই বোলিংয়ে আনা হলো ৬৭, ৬৯ ওভারের পর। ওই খেলোয়াড়ের কাছে এর অর্থ কী দাঁড়াল?”
“(সুন্দারের ভাষ্যে) এখানে আমার অগ্রণী একজনের মতো হওয়া উচিত, প্রথম ৩০, ৩৫ ওভারের মধ্যে বোলিং করা উচিত। আর আপনি কিনা আমাকে বোলিংয়ে আনলেন ৬৯ ওভার পর। এবং সেই প্রথম দুটি উইকেট নিল।”
ভারতের সাবেক অলরাউন্ডার শাস্ত্রি মনে করেন, এই ধরনের কাজ সুন্দারকে ভুল বার্তা দেবে, তার আত্মবিশ্বাসেও চোট লাগতে পারে। এর বাইরেও ভারতের কিছু কৌশল নিয়ে সমালোচনা করেন শাস্ত্রি।
“অভিষিক্ত কাম্বোজের জায়গায় গতকাল মোহাম্মদ সিরাজকে নতুন বল দেওয়া উচিত ছিল। কাম্বোজ নতুন এবং সে কেবল নিজের প্রথম ম্যাচ খেলছে। এটা ইংল্যান্ডের চাপ সরিয়ে দিয়েছিল।”
“এরপর বাউন্সের কৌশল, যেটায় তারা ২৪ ঘণ্টা দেরি করেছে। আরও কিছু উইকেট নিতে এটা তাদের গতকালই চেষ্টা করা উচিত ছিল। তাই ট্যাকটিকসে অনেক কিছুরই ঘাটতি ছিল।”
সমালোচনা করলেও অবশ্য গিলের পাশেই আছেন শাস্ত্রি। বর্তমান অধিনায়কের প্রসঙ্গে টেনে এনেছেন ভিরাট কোহলির নেতৃত্বের শুরুর দিকের প্রসঙ্গ।
“ভিরাটের নেতৃত্বে আসার সময়টা উদারণ হিসেবে বলতে চাই। শুবমান যেমন করছে সে ছিল তার উল্টো। সে ছিল বাড়তি কিছু, অতি আগ্রাসী। কখনও কখনও কন্ডিশনকে সম্মান করতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী ফিল্ডিং সাজাতে হবে।”
“আর সে কারণে প্রথম এক-দেড় বছর শুবমান গিলের মতো একজনকে টিম ম্যানেজমেন্টের সহায়তা করা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি, এটাই আসল।”