উইকেটের দোষ দিচ্ছে না বাংলাদেশ
উইকেটের কারণে নয়, বরং নিজেদের ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ, অকপটে বলছেন ক্যারিয়ার-সেরা ইনিংস উপহার দেওয়া তাওহিদ।
একদল প্রথম চার ওভারে কোনো উইকেট না হারিয়ে তুলেছে ৪০ রান। আরেক দল প্রথম ওভারেই চার উইকেট হারিয়ে করেছে স্রেফ ২০ রান। একদল ১২ ওভারেই ছাড়িয় গেছে ১০০ রান। আরেক দল ১৩ ওভারে মধ্যেই হারিয়েছে ৮ উইকেট। মনে হতেই পারে, দুই দল বুঝি খেলেছে ভিন্ন দুটি উইকেটে!
আদতে উইকেট যে চরিত্র বদলায়নি, সেটি অকপটেই বললেন তাওহিদ হৃদয়। বাংলাদেশের এই ব্যাটসম্যান সরাসরিই বলে দিলেন, উইকেটের কারণে নয়, তারা হেরেছেন নিজেদের ব্যর্থতায়।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার আয়ারল্যান্ড ২০ ওভারে তোলে ১৮১ রান। দেশের মাঠে বাংলাদেশ কখনও ১৬৫ রানের বেশি টপকে জিততে পারেনি। তবে উইকেট বাটিং সহায়ক বলে রেকর্ড গড়ার হাতছানি ছিলই। হয়েছে উল্টো। পাওয়ার প্লেতে চার উইকেট ও ১৩ ওভারের মধ্যে আট উইকেট হারিয়ে বাংলাদেশ পড়ে যায় বিব্রতকর পরাজয়ের মুখে।
হৃদয়ের অপরাজিত ৮৩ রানের ইনিংসে শেষ পর্যন্ত ১৪২ রান তুলে পরাজয়ের ব্যবধান কিছুটা ভদ্রস্থ অবস্থায় আনতে পারে দল।
উইকেটের চরিত্র বুঝে আইরিশ ব্যাটসম্যানরা শুরু থেকেই ছিলেন আগ্রাসী। গোটা ইনিংসে কোনো ফিফটি জুটি হয়নি, তবে রানের গতি কমবেশি ধরে রেখে প্রতিটি জুটিই স্পর্শ করেছে ৩০। হ্যারি টেক্টর ছাড়া কোনো ব্যাটসম্যান ফিফটি করতে পারেননি, কিন্তু কার্যকর ইনিংস উপহার দেন প্রায় সবাই।
যে উইকেটে আইরিশরা টি-টোয়েন্টির দাবি মেটাতে পারলেন, সেখানেই কেন ধসে পড়ল বাংলাদেশের ব্যাটিং? ম্যাচের পর সেই উত্তর জানা গেল হৃদয়ের কাছ থেকে।
“উইকেট অবশ্যই অনেক ভালো। ওরা ভালো খেলেছে, আমরা ভালো করতে পারিনি। উইকেটের এখানে কোনো দোষ দিয়ে লাভ নেই। আমরা নিজেরাই আমাদের বাস্তবায়ন ভালোভাবে করতে পারিনি। শুরুতে কিছু উইকেট পড়েছে। আমি আর জাকের যখন ব্যাটিং করছিলাম, ওই সময় যদি… আরেকটু খেলাটা যতটুকু নিয়ে যাওয়া যায়... তাহলে আমাদের পরে রিশাদ ও সাকিবের জন্য সহজ হয়ে যেত জিনিসটা। ওদের দুজনেরই সামর্থ্য আছে, দুজনই ভালো ব্যাটিং করে। কিন্তু ওদেরকে যদি আরেকটু দেরিতে আসতে হতো, চার-পাঁচ ওভার আছে, এরকম সময় যদি আসত, তাহলে তখন খেলাটা অন্যরকম হতো।”
১৮ রানে ৪ উইকেট হারিয়ে দিশাহারা বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন হৃদয় ও জাকের আলি। কিন্তু ২০ রান করে জাকের আলির বিদায়ে এই জুটি থামে ৪৮ রানে। বাংলাদেশ এরপর আর কোনো সম্ভাবনা জাগাতে পারেনি।
হৃদয়ের আক্ষেপ জাকের আলির সঙ্গে ওই জুটি আরও বড় না হওয়ায়।
“যদি আমাদের একটা বড় জুটি হতো, তাহলে খেলাটা অন্যরকম হতো। কারণ খেলাটা দেখেন, শেষ পর্যন্ত আমরা বেশি রানে, মানে বড় ব্যবধানে হারিনি। স্রেফ একটা জুটি যদি হতো, এমনকি আমি আর জাকের যখন ব্যাটিং করছিলাম, তখনও যদি আমাদের একটা ৭০-৮০ রানের জুটি হতো, তাহলে হয়তো অন্যরকম একটা চিত্র হতে পারত।”
